টেন্ডুলকারের বাড়িতে লারা
টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই শচীন টেন্ডুলকারকে চমকে দিলেন ব্রায়ান লারা। আচমকাই টেন্ডুলকারের মুম্বাইয়ের বাড়িতে হাজির ক্যারিবীয় ক্রিকেটের বরপুত্র! বন্ধুকে কাছে পেয়ে উচ্ছ্বসিত টেন্ডুলকার দুজনের একটি ছবি পোস্ট করেছেন তাঁর ফেসবুক পেজে। ক্যাপশনে লিখেছেন, ‘ধারণা করতে পারেন, কে বাড়িতে এসেছিল...? বিস্ময়কর এক খেলোয়াড় ও অসাধারণ এক বন্ধু...:-)।’টেন্ডুলকার সেরা, না লারা—নব্বই দশকের শুরু থেকে এই দশকের প্রথম ভাগ পর্যন্ত এই বিতর্কে বিভক্ত ছিল ক্রিকেট-বিশ্ব। বিশেষজ্ঞদের বিশ্লেষণ, কলাম, সংবাদমাধ্যম, ধারাভাষ্যকক্ষ, লারা-টেন্ডুলকারকে নিয়ে লড়াই চলত সব জায়গাতেই। তবে ২২ গজে সে লড়াইয়ের বাতাস ব্যক্তিগত জীবনে কখনোই লাগেনি। সুযোগ পেলেই নিজেদের উষ্ণ সম্পর্কের কথা জানিয়ে এসেছেন দুজন। বন্ধুর বাড়িতে লারার আচমকা ঢুঁ মারায় সেই বন্ধুত্বের প্রমাণ মিলল আরেকবার। লারা ঠিক কী কারণে মুম্বাইয়ে, সেটা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। ব্যাটসম্যান এবং মানুষ হিসেবে পরস্পরকে অনেক বড় করে দেখেন লারা ও টেন্ডুলকার। এ জন্যই হয়তো মাঠের প্রবল প্রতিপক্ষ মাঠের বাইরে এত কাছের। কদিন আগে যখন চারদিকে টেন্ডুলকারের অবসর নিয়ে কথা উঠেছিল, লারা ঠিকই পাশে দাঁড়িয়েছিলেন বন্ধুর, ‘আমি জানি, ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছে না। ৫০ ওভারের ক্রিকেট পুরোপুরি ছেড়েছে কি না আমি ঠিক নিশ্চিত নই। তবে টেস্ট ক্রিকেটে এখনো বছর দুয়েক খেলে যাওয়ার সামর্থ্য ওর আছে।’লারার বছর খানেক আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন টেন্ডুলকার। লারা ক্রিকেট ছেড়েছেন পাঁচ বছর আগে, টেন্ডুলকার খেলে যাচ্ছেন এখনো। ৪৩ বছর বয়সী ক্যারিবীয় গ্রেটের ধারণা, টেন্ডুলকারের বিদায় শূন্যতার সৃষ্টি করবে ক্রিকেট-বিশ্বে, ‘সেই ১৫-১৬ বছর বয়সে শুরু করে এখনো খেলে যাচ্ছে...আমার বছর খানেক আগে শুরু করে আমার অবসরের পাঁচ বছর পরও দাপটে খেলে যাচ্ছে...এটাই প্রমাণ করে ওর শ্রেষ্ঠত্ব।’ ওয়েবসাইট।