টেন্ডুলকারের ব্যাট কপি করেছিল অস্ট্রেলিয়া: হেইডেন
টেন্ডুলকার তাঁর ২১ বছরের ক্যারিয়ারে অন্যতম সেরা সময় কাটিয়েছিলেন ১৯৯৮ সালে। সে বছর ৩৪টি ওয়ানডে খেলার পর তাঁর ব্যাট থেকে এসেছিল ১৮৯৪ রান। ওই এক বছরেই তিনি সেঞ্চুরি করেছিলেন নয়টি। ব্যাটিং গড় ছিল ৬৫.৩১। লিটল মাস্টারের এই সুবর্ণ সময়ের দাপট বোধহয় সব চেয়ে ভালোভাবে টের পেয়েছিল অস্ট্রেলিয়ানরা। তাঁর ওই নয়টি সেঞ্চুরির চারটিই এসেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। সে বছর অস্ট্রেলিয়ার বোলারদের কাছে রীতিমতো বিভীষিকায় পরিণত হয়েছিলেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস। সাতটি ওয়ানডে খেলে চারটি সেঞ্চুরিসহ তিনি করেছিলেন মোট ৬২১ রান। দুঃসহ সেই ভারত সফরের কথা হয়তো ভুলেই যেতে চেয়েছিলেন অসি বোলাররা। কিন্তু অসি ব্যাটসম্যানরা শচীনের ব্যাটিংয়ে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তাঁরা শচীনের বেশ কটি ব্যাট নিজেদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। শুধু তা-ই না, শচীনের সেই ‘ম্যাজিক উইলো’র অনুকরণে বেশ কিছু ব্যাটও তারা বানিয়েছিল ব্রিসবেনের এক কারখানা থেকে। সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন সম্প্রতি তাঁর আত্মজীবনী ‘স্ট্যান্ডিং মাই গ্রাউন্ড’ বইয়ে জানিয়েছেন এ তথ্যটা।অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের রীতিমতো ব্যাট-পাগল বলে উল্লেখ করেছেন হেইডেন। অসি অধিনায়ক রিকি পন্টিং নাকি সব সময়ই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ব্যাট নেড়েচেড়ে দেখতে ভালোবাসেন। বিভিন্ন ধরনের ব্যাট পরীক্ষা-নিরীক্ষা করা তাঁর একধরনের নেশা। আর মাইক হাসি নাকি সব সময়ই সঙ্গে একটা স্কেল নিয়ে ঘোরেন; ব্যাটের দৈর্ঘ্য-প্রস্থ ঠিক আছে কি না দেখার জন্য। ১৯৯৮ সালে টেন্ডুলকারের ব্যাটিং ঝড় দেখে এই ব্যাট-পাগল অস্ট্রেলিয়ানরা তাঁদের মুগ্ধতা ঢেকে রাখতে পারেননি। হেইডেন তাঁর বইয়ে বলেছেন, ‘১৯৯৮ সালে ভারত সফরে গিয়ে টেন্ডুলকারের কাছে পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল অস্ট্রেলিয়া। এরপর অন্তত আটজন অস্ট্রেলিয়ান টেন্ডুলকারের সেই ব্যাটের কপি নিয়ে এসেছিল অস্ট্রেলিয়ায়। ব্রিসবেনের গাবা স্পোর্টিং কারখানা থেকে তাঁরা সেই ব্যাটের কিছু বিশেষ কপিও বানিয়েছিল। টেন্ডুলকারের ব্যাটটা আমার কাছে খুব ভারী মনে হয়। মনে হয়, এটা টেন্ডুলকারের জন্যও খুব ভারী। সে যে ক্যারিয়ারের অনেকটা সময় কনুইয়ের ইনজুরিতে ভুগেছে, তার অন্যতম প্রধান কারণ হতে পারে এই ভারী ব্যাট।’অন্যদের মতো নিজের সে রকম ব্যাট-প্রীতি নেই বলে দাবি করেছেন হেইডেন। কিন্তু তাঁকেও হরহামেশাই দেখা যায় নতুন ধরনের ব্যাট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে। গত আইপিএলে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য বিশেষভাবে তৈরি ‘মনগুস’ ব্যাটটা সম্ভবত প্রথম দেখা গিয়েছিল হেইডেনের হাতেই! টাইমস নিউজ নেটওয়ার্ক।