দ্বিতীয় দিন শেষেও একবার দাঁড়িয়েছিল লর্ডসের গ্যালারি। ডাবল সেঞ্চুরি করে কেভিন পিটারসেন ফেরার সময়। আরেকজনের সম্মানে কাল আবার উঠে দাঁড়াল ‘হোম অব ক্রিকেটের’ গ্যালারি। বড় কিছু করে ফেরার সময় নয়, ব্যাট হাতে মাঠে ঢোকার সময়ই। এক দর্শকের প্ল্যাকার্ড ধরা পড়ল ‘লর্ড@লর্ডস!’ক্রিকেটের ‘লর্ড’ হতে পারেন, কিন্তু লর্ডসের ‘লর্ড’ হতে পারেননি শচীন টেন্ডুলকার। লর্ডসে প্রথম সেঞ্চুরি টেন্ডুলকারকে এনে দিত আন্তর্জাতিক সেঞ্চুরির সেঞ্চুরিও। সেঞ্চুরি বহুদূর, টেন্ডুলকার ছাড়াতে পারলেন না লর্ডসে আগের সর্বোচ্চও (৩৭)। দ্বিতীয় ইনিংস এখনো আছে, কিন্তু দারুণ শুরুর পরও একটা সুযোগ তো হারালেন!ক্যারিয়ারে বরাবরই টেন্ডুলকারের আড়ালেই থাকতে হয়েছে। কাল টেন্ডুলকারের মঞ্চে সেই রাহুল দ্রাবিড়ই লড়াই করে ভারতকে বাঁচিয়ে দিলেন ফলোঅনের লজ্জা থেকে। এই লর্ডসে অভিষেকেই করেছিলেন ৯৫। সম্ভাব্য শেষ টেস্টে এসে মেটালেন সেঞ্চুরির আক্ষেপ। তাঁর ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরিতে চড়েই ২৭৫ রানের ফলোঅন সীমানা এড়িয়ে ভারত অলআউট ২৮৬ রানে। অপরাজিত ১০৩ রানের ইনিংসের পথে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় রিকি পন্টিংকে তিনে ঠেলে দ্রাবিড় এখন দুইয়ে।বিপজ্জনক প্রথম ঘণ্টাটা কাল নিরাপদেই কাটিয়ে দিয়েছিল ভারত। দুই বাঁহাতি ওপেনারকে পেয়ে লাইন-লেন্থ উল্টাপাল্টা হয়ে গেল অ্যান্ডারসন-ট্রেমলেটের। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতেই যেন জেগে উঠলেন স্টুয়ার্ট ব্রড। ব্রেসনানকে টপকে শেষ মুহূর্তে দলে ঢুকেছেন। ৩৭ রানে ৪ উইকেট নিয়ে তার মর্যাদা রাখলেন। দুই ওপেনারকে ফেরানোর সঙ্গে পেয়েছেন সবচেয়ে কাঙ্ক্ষিত উইকেটটিও, স্লিপে সোয়ানের হাতে বন্দী টেন্ডুলকার!লাঞ্চের পর দ্রুতই রান তুলছিলেন দ্রাবিড়-টেন্ডুলকার। ব্রডের অসাধারণ এক স্পেল ম্যাচে ফেরায় ইংল্যান্ডকে। টেন্ডুলকারকে আউট করার পরের ওভারে তাঁকে দুবার বঞ্চিত করেন ইংলিশ ফিল্ডাররা। ০ রানে লক্ষ্মণের সহজ ক্যাচ ছাড়েন স্ট্রাউস, ৪৯ রানে দ্রাবিড়ের ক্যাচ ছাড়েন সোয়ান। সুযোগটা কাজে লাগাতে পারেননি লক্ষ্মণ, রায়না পারেননি রানের খাতা খুলতেই। ১৮৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড দিন শেষ করেছে বিনা উইকেটে ৫ রান করে। ওয়েবসাইট।দুই বাঁহাতিভারতের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার ইনিংস ওপেন করলেন দুই বাঁহাতি। ২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে দ্বিতীয় ইনিংসে করেছিলেন গৌতম গম্ভীর ও ইরফান পাঠান।