টেন্ডুলকারের মঞ্চে পন্টিংয়ের ফেরা
শহরের সব রাস্তাই যেন মিশল সরদার প্যাটেল স্টেডিয়ামে। অনেক দূরে গাড়ি থামিয়ে দেওয়া হলো। এরপর মানুষের স্রোত। শুধু মানুষ আর মানুষ। যেন ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগ দিতে মানুষের সব আবেগ উথলে পড়ছে! একে কোয়ার্টার ফাইনাল, তার ওপর শচীন টেন্ডুলকারের সম্ভাব্য শততম সেঞ্চুরিটা চাক্ষুষ দেখার লোভ। সেটির অপেক্ষায় গোটা আহমেদাবাদই সব কাজ ফেলে বুঁদ হয়ে রইল। ক্রিকেট-বিশ্বও কি নয়?টেন্ডুলকার পারলেন না, থামলেন ৫৩ রানে। তবে সেঞ্চুরি করে ব্যাটে রানের খরা দূর করলেন রিকি পন্টিং। গত জুনের পর একটি ফিফটিও নেই। রান-খরা চলছিল এই বিশ্বকাপেও। তাঁর আগের পাঁচটি ইনিংস দেখুন: ২৮, ১২, ৩৬, ৭ ও ১৯। পন্টিংকে নেতৃত্ব থেকে সরিয়ে ফেলা হতে পারে—এমন একটা গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। সমালোচকদের তীরে শুধু বিদ্ধই হচ্ছিলেন। কাল ১১৮ বলে খেলা ১০৪ রানের ইনিংসটা তাই শুধু একটা সেঞ্চুরিই হয়ে থাকল না, সেটির মাহাত্ম্য আরও বেশি। সব মিলে এটি তাঁর ৩০তম ওয়ানডে সেঞ্চুরি। বিশ্বকাপে পঞ্চম। বিশ্বকাপটা পন্টিং-টেন্ডুলকার এক জায়গায় দাঁড়িয়ে শুরু করেছিলেন। চারটি করে সেঞ্চুরি ছিল। টেন্ডুলকার চার থেকে ছয়ে পৌঁছে গেছেন। পন্টিং কাল পিছু ধাওয়া করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারের পর প্রথম ব্যাটসম্যান হিসেবে ২৬ হাজার রানও পূর্ণ হলো।টেন্ডুলকারকে একটা সময় পর্যন্ত ভালোই ধাওয়া করছিলেন পন্টিং। কিন্তু সম্প্রতি টেন্ডুলকার নিজেকে এমনই দূরত্বে নিয়ে গেছেন, পন্টিংয়ের পক্ষে তাঁকে ধরার সম্ভাবনা আদৌ আর আছে কি না, কে জানে। তবে পন্টিং আত্মপ্রত্যয়ী। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে উড়িয়ে দিয়েছেন অবসর নেওয়ার গুঞ্জন। সত্যিকারের ‘উড়িয়ে দেওয়া’টা হলো কাল মাঠে। কিন্তু তাঁর এই সেঞ্চুরিটা টানা ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে নিয়ে যেতে পারল না।কাল ফিল্ডিংয়ের সময় দুয়োধ্বনি পেলেন। সেখানেও তো তাঁর সার্থকতা! ভারতের মানুষ তো আর টিকিট কেটে তাঁর সেঞ্চুরি দেখতে আসেনি। টেন্ডুলকারের সেঞ্চুরি আর ভারতের জয় কামনায় সকাল থেকেই স্টেডিয়ামমুখী জনতার হাতে ব্যানার-ফ্যাস্টুন। ম্যাচের আগেই পন্টিং বনাম টেন্ডুলকারের লড়াইয়ের পূর্বাভাস ছড়িয়ে পড়েছিল। বিশ্বকাপে আধুনিক ক্রিকেটের দুই সেরার শেষবারের মতো মুখোমুখি হওয়া। খণ্ড যুদ্ধটায় শেষ পর্যন্ত টেন্ডুলকারকে হারিয়েই দিলেন পন্টিং।টেন্ডুলকার অবশ্য ভালোই জবাব দিচ্ছিলেন। ৫৩ রানের ইনিংসটাতেই সাতটি চার। টেন্ডুলকারের সৌজন্যেই মাঠে মেক্সিকান ঢেউ দেখল ৫০ হাজার দর্শকে ঠাসা সরদার প্যাটেল স্টেডিয়াম। স্লোগান উঠল মুহুর্মুহু— শচীন...শচীন..শচীন। সেই ছোঁয়া মাঝেমধ্যে এসে লাগছিল প্রেসবক্সে। পাশেই বসে ছিলেন ভারতীয় সাংবাদিক সুরেশ হারচেকার। জানালেন, টেন্ডুলকার স্কুলজীবনে যেদিন বন্ধু বিনোদ কাম্বলির সঙ্গে ৬৬৪ রানের রেকর্ড জুটি গড়লেন; সেদিন আজাদ ময়দানের পাশেই অফিস ক্রিকেট খেলছিলেন, ‘আমি সেদিন আজাদ ময়দানের পাশেই ক্রস ময়দানে খেলছিলাম। পাশের মাঠে দুই ছোকরা বিশ্ব রেকর্ড করেছে শুনে রমাকান্ত আচরেকারকে অনুরোধ করলাম, ওদের সঙ্গে কথা বলার জন্য। কিশোর টেন্ডুলকারের কোচ সেই ব্যবস্থা করলেন।’হারচেকারের গর্বের যেন শেষ নেই। ৬৪ বছরে পা দিয়েছেন। ক্রিকেট-জীবন শেষে ক্রীড়া সাংবাদিকতায় ঢোকা এই মারাঠি কাজ করেন মারাঠি কাগজে। বলছিলেন ছোটবেলার দেখা সেই টেন্ডুলকারকে নিয়ে, ‘সেদিন ছোট্ট টেন্ডুলকারকে জিজ্ঞেস করেছিলাম, ‘কী করে এত রান করলে?’ সে বলল, “আমি শুধু রান করে গেছি। আমার কোনো সমস্যা হয়নি। আমি খেলাটা উপভোগ করেছি”।’আজও সমান উপভোগই করেন টেন্ডুলকার। নইলে কী করে সম্ভব রানের পর রান করে যাওয়া!