টেন্ডুলকারের মন্থরতম সেঞ্চুরি!
ক্যারিয়ারে কতবার যে বলেছেন, রেকর্ড-পরিসংখ্যান এসব নিয়ে একটুও ভাবেন না। কিন্তু এই অর্জনের মাহাত্ম্যটাই এমন যে শচীন টেন্ডুলকার পর্যন্ত কাল বললেন, ‘স্বপ্ন তা হলে সত্যি হয়!’ নিজের হাজারো অর্জনের মধ্যে হয়তো শুরুর দিকেই রাখবেন এটিকে। তবে যে ইনিংসটি খেলে এই কীর্তি ছুঁলেন, সেটিকে নিশ্চয়ই রাখবেন নিচের দিকে। কীর্তিটাই হয়তো ইনিংসটাকে বারবার মনে করিয়ে দেবে, না হলে ভুলে যেতেই চাইবেন কালকের ইনিংসটা! একশটি সেঞ্চুরির বাইরেও আন্তর্জাতিক ক্যারিয়ারে পঞ্চাশ ছুঁয়েছেন আরও ১৬০ বার। আছে বহু স্মরণীয় ইনিংস। কিন্তু কাল তো অনেকটা অচেনাই মনে হলো টেন্ডুলকারকে! বেশির ভাগ সময়ই যাঁর বড় ইনিংসগুলোতে থাকে শিল্প, সাহস, আভিজাত্য সব মিলিয়ে সম্পূর্ণতার মিশেল, কাল প্রায় পুরোটা সময় তাঁকে মনে হলো শ্রমিক শ্রেণীর। যাঁরা দেখেছেন, দৃষ্টিনন্দন ইনিংস বলবেন না কেউই। এর প্রমাণ মিলবে পরিসংখ্যানেও। বিশ্বাস করুন আর না-ই করুন, কালকের ইনিংসটি ছিল টেন্ডুলকারের মন্থরতম ওয়ানডে সেঞ্চুরি!বহু আরাধ্য সেঞ্চুরিটি ছুঁয়েছেন কাল ১৩৮ বলে। এর আগেও অবশ্য একবার ১৩৮ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন, ২০০০ সালে শারজা চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে। শেষ নয় এখানেই, ওয়ানডেতে তাঁর ৪৯টি সেঞ্চুরি ইনিংসের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেটের ইনিংসও এই দুটি। শারজার ওই ইনিংসে ১৪০ বলে করেছিলেন ১০১, মাত্র ৩ চার ও ১ ছয়ে, স্ট্রাইক রেট ছিল ৭২.৪২। কাল ১৪৭ বলে ১১৪, স্ট্রাইক রেট ৭৭.৭৫। প্রতিপক্ষের বোলিং আক্রমণ বা ম্যাচের পরিস্থিতি কিংবা উইকেট, কোনোটাই এমন কঠিন কিছু নয়। এমন এক ইনিংসকে কেন মনে রাখতে যাবেন টেন্ডুলকার? তবে বারবার মনে পড়ে যাবে বা মনে করিয়ে দেওয়া হবে ওই কীর্তিটার বিশালত্বে। মাথা থেকে এভারেস্ট-সমান এক বোঝা নেমে যাওয়ার স্বস্তিতে।এক বছরের বেশি সময় ধরে বয়ে বেড়ানো বোঝাটা নামানোর জন্য যে লক্ষ্য বানিয়েছিলেন বাংলাদেশকেই। গত ১৪ মার্চ ছিল ভারতের ঐচ্ছিক অনুশীলন। একাদশের বাইরের দুই ক্রিকেটার ইউসুফ পাঠান ও রাহুল শর্মার সঙ্গে তবু মাঠে এসেছিলেন টেন্ডুলকার। একাডেমি মাঠের নেটে ব্যাটিং করেছেন প্রায় ৭০ মিনিট। কাল শুরু থেকেই ছিলেন ভীষণ সতর্ক। একদম বাজে বল পেলেই কেবল ব্যাট চালিয়েছেন। প্রথম ২৩ বলে ছিল কেবল চারটি স্কোরিং শট, চারটিই বাউন্ডারি। এর তিনটি ছিল অফ স্টাম্পের বাইরে শর্ট বল, একটি অফ স্টাম্পে হাফভলি। প্রথম ফিফটিতে ঝুঁকিপূর্ণ শট ছিল সম্ভবত একটিই, সাকিবকে লং অন দিয়ে উড়িয়ে মারা ছক্কা।সাকিবকে এক্সট্রা কভার দিয়ে চার মেরে ফিফটি ছুঁয়েছেন ৬৩ বলে। তিন অঙ্কের হাতছানিতে এরপর যেন আরও খোলসে ঢুকে গেলেন। এত দিনের অভিজ্ঞ যোদ্ধা, উইকেট আর বাংলাদেশের নির্বিষ বোলিং দেখে বুঝে গিয়েছিলেন, ঝুঁকি না নিলে আউট হওয়া মুশকিল। হয়তো নিজের সঙ্গে লড়াই করতে হলো, আপস করতে হলো সহজাত প্রবৃত্তির সঙ্গে। কিন্তু সেঞ্চুরি-খরা এমনভাবে চেপে বসেছিল যে প্রয়োজন ছিল এমন কিছুই। আর এই যে পরিস্থিতির দাবির সঙ্গে নিজেকে বদলে ফেলা, এটাও তো ব্যাটসম্যানশিপের উৎকর্ষতার একটা ধরন! সেঞ্চুরিটা না হলে কাল ছুঁয়ে ফেলতেন ইনিংসের হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারের দীর্ঘতম সেঞ্চুরি-খরা। ২০০৭ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ৩৪ ইনিংসে সেঞ্চুরি পাননি। এবার গত বিশ্বকাপে নাগপুরের ওই সেঞ্চুরিটির পর কালকের আগ পর্যন্ত খেলে ফেলেছিলেন ৩৩ ইনিংস। খরা ছোঁয়ার ম্যাচেই নিজেকে নিয়ে গেলেন এমন এক উচ্চতায়, যেখানে যাওয়ার কথা একসময় কল্পনাও করতে পারেনি কেউ। আন্তর্জাতিক ক্রিকেট সেঞ্চুরির দ্বিতীয় কোনো সেঞ্চুরিয়ান দেখবে কি না সন্দেহ। টেন্ডুলকারের ঠিক পেছনে থাকা রিকি পন্টিং আসলে অনেক পেছনে, ৭১ সেঞ্চুরি। সেঞ্চুরির ফিফটিই আছে আর কেবল দুজনের, জ্যাক ক্যালিস (৫৯) ও ব্রায়ান লারা (৫৩)।তবে খুব বেশি স্বস্তিতে থাকার জো কিন্তু টেন্ডুলকারের নেই। মাইলফলকের কি আর শেষ আছে! টেন্ডুলকারের কাছে চাওয়ারও তো শেষ নেই। কাল থেকেই যেমন নতুন করে ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। প্রতীক্ষা এখন ৫০তম ওয়ানডে সেঞ্চুরির!