টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে কম বয়সে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করার পথে অ্যালিস্টার কুক
সবচেয়ে কম বয়সে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করার পথে অ্যালিস্টার কুক

২৫ ডিসেম্বর। বড়দিনেই ছিল অ্যালিস্টার কুকের জন্মদিন। সদ্যই অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ সিরিজ হারের ফলে জন্মদিনটা হয়তো ভালোমতো উদযাপনই করতে পারেননি ইংলিশ অধিনায়ক। তবে আজ কিছুটা ভালোলাগার উপলক্ষ হয়তো খুঁজে পেয়েছেন তিনি। বক্সিং ডে টেস্টে তাঁর দলও যে রকম দিয়েছে ঘুরে দাঁড়ানোর আভাস, তেমনি কুক নিজেও গড়েছেন নতুন একটি রেকর্ড। সবচেয়ে কম বয়সে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করে ছাড়িয়ে গেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।
২৯ বছর ৩ দিন বয়সে ইংল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ৮০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন কুক। টেন্ডুলকার এই উচ্চতায় পৌঁছেছিলেন ২৯ বছর ২৪ দিনে। আজ বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে ৫৪ রানের ইনিংস খেলার পথেই টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন কুক। ৪১ রান করেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২৬তম ব্যাটসম্যান হিসেবে তিনি স্পর্শ করেছেন ৮০০০ রানের মাইলফলক।
এখন মেলবোর্ন টেস্টটা জিততে পারলে হয়তো রেকর্ড গড়ার কীর্তিটা আরও ভালোভাবে উদযাপন করতে পারবেন কুক। কিন্তু প্রথম ইনিংসে ৫১ রানের লিড নিতে পারলেও দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে ইংল্যান্ড। ১৩১ রান সংগ্রহ করতেই পাঁচটি উইকেট হারিয়েছে সফরকারীরা। ৪১ রান নিয়ে অপরাজিত থাকা কেভিন পিটারসেনই আবার হয়ে উঠেছেন ইংল্যান্ডের ভরসার প্রতীক। তাঁর ব্যাটের দিকে তাকিয়েই এখন লড়াইয়ের পুঁজি সংগ্রহের আশা করছে ইংল্যান্ডের সমর্থকরা। এই প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৭০ রান।

উদ্বোধনী জুটিতে ৬৫ রান সংগ্রহ করে শুরুটা অবশ্য ভালোভাবে করেছিল সফরকারীরা। কিন্তু ৫১ রান করে কুক আউট হওয়ার পর দ্রুতই বেশ কয়েকটি উইকেট হারিয়েছে ইংল্যান্ড। টানা দুই ওভারে মাইকেল কারবেরি, জো রুট ও ইয়ান বেলকে আউট করেছেন পিটার সিডল ও নাথান লায়ন। পঞ্চম উইকেটে ৪৪ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন পিটারসেন ও বেন স্টোকস। কিন্তু দলীয় ১৩১ রানের মাথায় স্টোকসকে আউট করে ইংল্যান্ডকে কিছুটা চাপের মুখে ফেলে দিয়েছেন লায়ন।