টেন্ডুলকারের সঙ্গে একটা ফ্রেমে আছি আমিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

লেখাটা লেখার আগে শচীন টেন্ডুলকারের অনুমতি নেওয়া দরকার ছিল বোধ হয়। কারণ আমি মনে করি, টেন্ডুলকারকে নিয়ে কোনো কিছু বলা বা কোনো মন্তব্য করার জায়গাতেও হয়তো আমরা নেই। তিনি ‘ক্রিকেট-ঈশ্বর’। ‘ক্রিকেট-ঈশ্বর’কে নিয়ে আপনি কী বলবেন?
আমার জন্মের দুই বছর পর শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক অভিষেক। টেলিভিশনে টেন্ডুলকারের খেলা দেখে দেখে বড় হয়েছি। একদিন টেন্ডুলকারের সঙ্গে আমিও খেলব, এই চিন্তা কোনো দিন কল্পনাতেও আসেনি। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে খেলে ফেলাটা আমার নিজের কাছেও তাই বিরাট এক বিস্ময়। সাধারণভাবে চিন্তা করলে টেন্ডুলকারও ক্রিকেটার, আমিও ক্রিকেটার। কিন্তু ক্রিকেটার হয়েও অন্যদের সঙ্গে তাঁর ব্যবধান এতই যে, আগামী ৫০-১০০ বছরেও পৃথিবী আরেকজন টেন্ডুলকার দেখবে কি না সন্দেহ।
ক্রিকেটের কোন অর্জনটা নেই তাঁর? এক বিশ্বকাপ বাকি ছিল, সেটাও পাওয়া হয়ে গেছে। শুধু ওয়ানডে সেঞ্চুরির কথা বললে বিরাট কোহলি তাঁকে ধরলেও ধরতে পারে, কিন্তু সব অর্জন মিলিয়ে যদি বলেন, টেন্ডুলকারের মতো প্রোফাইল কোনো দিন কারও হবে না। আমি বলব, পৃথিবীর সপ্তমাশ্চর্যের মতো ক্রিকেটে যদি একটাও আশ্চর্য থেকে থাকে, তো সেটা শচীন টেন্ডুলকার।
টেন্ডুলকারের বিপক্ষে চারটি টেস্ট আর তিনটি ওয়ানডে খেলেছি আমি। প্রতিবারই তাঁর সামনে বল হাতে নিয়ে মনে হয়েছে, ওঁকে কী বল করব? উনি তো নিশ্চয়ই বল করার আগেই বুঝে ফেলেছেন আমি কেমন বল করতে যাচ্ছি! আমার ধারণা বোলারকে আগে থেকে পড়ে ফেলার অসম্ভব এক ক্ষমতা ছাড়া টেন্ডুলকার টেন্ডুলকার হতে পারতেন না।
উপমহাদেশের ক্রিকেটার হয়েও টেন্ডুলকার ৪০ বছর বয়স পর্যন্ত ক্রিকেট খেলে যাচ্ছেন। এটাও ব্যতিক্রমী এক ঘটনা। ৩৯-৪০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া এশিয়ার বাইরের ক্রিকেটারদের বেলায়ই বেশি দেখেছি। আমাদের এ অঞ্চলের ক্রিকেটাররা এত বয়স পর্যন্ত ফিটনেস ধরে রাখতে পারে না। টেন্ডুলকার পেরেছেন তাঁর সুশৃঙ্খল জীবনযাপনের জন্য। প্রতিভা তো ছিলই। কঠোর পরিশ্রমও করেছেন সব সময়। আর ছিল ভাগ্য। পরিশ্রম তো সবাই-ই করে। নেটে ঘণ্টা ধরে ব্যাটিং, এরপর বাইরে এসে ৩০-৪০ মিনিট নক করা—এমন ব্যাটসম্যান কম নেই। ক্রিকেটে প্রতিভাও আমরা কম দেখি না। কিন্তু টেন্ডুলকারের মতো হতে পেরেছেন কজন? ভাগ্যের কথা সে জন্যই বললাম।
তার পরও ভারতের মতো বিশাল একটা দেশের শতকোটি মানুষের চাপ নিয়ে এত দিন এবং এত সফলভাবে ক্যারিয়ার এগিয়ে নেওয়া সহজ কথা নয়। টেন্ডুলকারের জীবনটা এদিক দিয়ে খুব কঠিন মনে হয় আমার কাছে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও কত চাপ! ইচ্ছে হলেই তো আর আমাদের মতো ঘুরে বেড়াতে পারেন না তিনি, রেস্তোরাঁয় খেতে যেতে পারেন না। স্বস্তিতে শপিং করতে হলেও তাঁকে ইউরোপ-আমেরিকা যেতে হয়। আরেক দিক দিয়ে এই জীবনটা মজারও। কত সহস্র-কোটি চোখ সারাক্ষণ তাঁকে অনুসরণ করে, পৃথিবীর কত হাজার ক্রিকেটার টেন্ডুলকারের মতো হতে চায়! এত মানুষের আইডল যিনি, জীবনে আর কী চাওয়ার থাকতে পারে তাঁর?
টেন্ডুলকারের সঙ্গে আমার কয়েকবারই দেখা-সাক্ষাৎ হয়েছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা হলে তো তিনি নিয়মিতই আমাদের ড্রেসিংরুমে এসে ব্যাটিং নিয়ে কথা বলেছেন। আইপিএলে দেখা হলে হাই-হ্যালো হতো। এর বাইরেও দুটি বিশেষ উপলক্ষে টেন্ডুলকারের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে। দুবার ডিনার করেছি তাঁর সঙ্গে। একবার মোহাম্মদ আশরাফুল ভাইয়ের বাসায়। আরেকবার লুৎফর রহমান (বাদল) ভাইয়ের সৌজন্যে। এই দুই সাক্ষাতে খাওয়া-দাওয়া নিয়েই কথা হয়েছে বেশি। টেন্ডুলকার বলেছিলেন, কখনো কখনো তিনি খুব বেশি খান। ইচ্ছেমতো পছন্দের খাবারগুলো খান। আবার একটা সময় আসে, যখন খাবারের ব্যাপারে খুবই সতর্ক হয়ে ওঠেন। তখন খাওয়া একদমই কমিয়ে দেন। বাছবিচার করে খান। দুটি ডিনারে টেন্ডুলকারের দুই রকম খাওয়াই দেখেছি। একবার দেখলাম ভাত, চিংড়ি মাছ কোনো কিছুই বাদ দিচ্ছেন না। ভাতটা তো অনেক বেশিই খেলেন বলে মনে হলো। আরেকবার দেখলাম খাওয়া সামনে নিয়েও প্রায় কিছুই না খেতে।
টেন্ডুলকারের (ভারতেরও) বিপক্ষে আমরা সর্বশেষ টেস্ট খেলি ২০১০ সালে। প্রথম ইনিংসে আমিই নিয়েছিলাম তাঁর উইকেট। দ্বিতীয় ইনিংসে তাঁকে আর ব্যাট করতে না হওয়ায় ভেবেছিলাম, বাংলাদেশের হয়ে টেন্ডুলকারের শেষ উইকেটটা বুঝি আমিই পেলাম। ভারতের বিপক্ষে শিগগিরই আমাদের টেস্ট খেলা নেই, যখন হবে তখন টেন্ডুলকারের না খেলার সম্ভাবনাই বেশি। কিন্তু এরপর এশিয়া কাপ হলো এবং তাতে টেন্ডুলকারের উইকেট নিলেন মাশরাফি ভাই। বাংলাদেশের হয়ে টেন্ডুলকারের শেষ উইকেট নেওয়ার গর্বটা তাঁর হয়ে গেল।
টেন্ডুলকারের বিপক্ষে আমার অর্জন বলতে তাই টেস্টের ওই উইকেটটাই। তবে একটা জায়গায় আমি অদ্বিতীয়। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ‘অর্জন’ আর কারও নেই। টেন্ডুলকার তাঁর শততম সেঞ্চুরিটা করেছেন ২০১২ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে। ওই সেঞ্চুরির শততম রানটা তিনি নিয়েছিলেন আমার বলেই। পৃথিবীতে যত দিন, যতবার টেলিভিশনে তাঁর শততম সেঞ্চুরির মুহূর্তটি দেখানো হবে, দেখানো হবে আমাকেও।
শচীন টেন্ডুলকারের সঙ্গে এই একটা ফ্রেমে আমি সব সময়ই থাকব। জীবনে এটাও বা কম কী!