টেন্ডুলকারের সঙ্গে জোকোভিচ-বেকহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলাটা কী—নোভাক জোকোভিচ তা কি জানেন? কিংবা সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহাম বলতে পারবেন ওয়ানডে ক্রিকেট কত ওভারের খেলা? বলতে পারুন আর না-ই পারুন, টেন্ডুলকারকে একই কাতারে দেখে ঠিকই তাঁরা অনুমান করে নিতে পারবেন—ক্রিকেটের বড় মাপের খেলোয়াড় ছিলেন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই লোকটি! তিন ক্রীড়াঙ্গনের এই তিন তারকাকে একই কাতারে নিয়ে এসেছে ইউনিসেফ।

বিশ্ব বাবা দিবসকে সামনে রেখে বাচ্চাদের সঠিক পরিচর্যায় বাবাদের ভূমিকা নিয়ে প্রচারণায় নেমেছে ইউনিসেফ। সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে তাতে টেন্ডুলকারের সঙ্গে অংশ নিচ্ছেন টেনিস তারকা জোকোভিচ ও সাবেক ফুটবলার বেকহাম। সন্তানের বড় হয়ে ওঠার পথে একজন বাবার ভূমিকা কী, সেটি টেন্ডুলকারের চেয়ে বেশি আর কে জানেন?  নিজের অভিজ্ঞতাই সবার সঙ্গে ভাগাভাগি করলেন মাস্টার এই ব্যাটসম্যান, ‘যখন ছোট ছিলাম, সঠিক মাত্রায় ভালোবাসা, স্বাধীনতা ও সমর্থন পেয়েছিলাম বাবার কাছ থেকে। আর সেটাই আমাকে আজকের আমিতে নিয়ে এসেছে। প্রত্যেক শিশুরই সুরক্ষা দরকার। দরকার স্নেহ-ভালোবাসা, পুষ্টিকর খাবার এবং বেড়ে ওঠার জন্য খেলাধুলা। এসব শিশুরা যাতে পায়, সেটি নিশ্চিত করার দায়িত্ব অভিভাবকদেরই।’ টাইমসঅবইন্ডিয়া।