টেন্ডুলকারের সঙ্গে সাকিব-তামিম
এশিয়া কাপে এখন পর্যন্ত দুটি জিনিস আলোচিত, দুটোই শচীন টেন্ডুলকারকে নিয়ে। প্রথম আলোচনা, টেন্ডুলকার কি এই টুর্নামেন্টেই করে ফেলবেন আরাধ্য শততম সেঞ্চুরি? দ্বিতীয় আলোচনা, শান্ত চেহারার এই ব্যাটিং মহামানবের ছোট ছোট কোঁকড়ানো চুল হঠাত্ ও রকম নায়কদের ভাব ধরল কেন? সিনেমায় নামছেন না তো!টেন্ডুলকারের গত পরশুর নৈশভোজেও উঠে এসেছিল চুল প্রসঙ্গ। টেন্ডুলকার স্মিত হেসে ব্যাখ্যা করেছেন কারণটা। সেটি বলার আগে নৈশভোজ প্রসঙ্গটাই আরেকটু জানুন। শচীন টেন্ডুলকারের সঙ্গে অনেক দিন ধরেই বন্ধুত্ব বাংলাদেশের ব্যবসায়ী এবং ভিক্টোরিয়া ক্লাবের গভর্নিং কাউন্সিলের প্রধান লুত্ফর রহমানের। নিজের বাসায় টেন্ডুলকারকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনিই। কী এক কারণে পরে সেই ভোজসভাটি স্থানান্তরিত হয়েছে সোনারগাঁও হোটেলে, যেখানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় যোগ হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবালও।নৈশভোজে সাকিব টেন্ডুলকারের কাছে জানতে চেয়েছিলেন নতুন হেয়ারস্টাইলের রহস্য। না, তেমন কোনো কারণ নেই। নিতান্তই শখের বসে অমন চুল। তবে টেন্ডুলকার নাকি জানিয়েছেন, চুলটা বড়ই রাখবেন এখন থেকে। চামচের টুংটাং শব্দের মধ্যে সাকিবকে কিছু পরামর্শও দিয়েছেন ব্যাটিং জিনিয়াস। তার মধ্যে অন্যতম পত্রিকা না পড়া, টেলিভিশনে সংবাদ না দেখা। ‘ও আমাকে বলেছে, “পত্রিকা পড়ার দরকার নেই। পারলে টেলিভিশনের খবরও এড়িয়ে চলো।” টেন্ডুলকার নিজেও নাকি খবরের কাগজ পড়েন না, টেলিভিশনের খবরও দেখেন না। পরিবারের অন্যরা পত্রিকা পড়ে, খবর দেখে তাঁকে জানায়।’ বললেন সাকিব।নৈশভোজে তামিম অংশ নিয়েছিলেন মিনিট দশেকের জন্য। টেন্ডুলকারের সঙ্গে কুশলবিনিময় হয়েছে। পাকিস্তানের বিপক্ষে উজ্জ্বল প্রত্যাবর্তনের আগে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া তামিমের জন্য তাঁর পরামর্শ, খেলাটা যেন তামিম উপভোগ করেন। খেলাটাকে পেশা মনে না করে একসময় যেমন মনের আনন্দে খেলতেন, তেমনই খেলে যেতে। তামিম অবশ্য বলেছেন, ‘খেলা নিয়ে কমই কথা হয়েছে আমাদের।’বাংলাদেশের দুই ক্রিকেটার হিসেবে ইংলিশ কাউন্টি ক্রিকেটে নাম লেখানোয় সাকিব-তামিমকে অভিনন্দন জানিয়েছেন টেন্ডুলকার। প্রশংসা করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ধারাবাহিক পারফরম্যান্সেরও।বাংলাদেশের দুই শীর্ষ ক্রিকেটারকে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের সঙ্গে নৈশভোজের টেবিলে এক করতে পেরে দারুণ খুশি লুত্ফর রহমান, ‘আমি আমার বাসায় তৈরি করা খাবারই ওদের হোটেলে এনে খাইয়েছি। প্রায় তিন-চার ঘণ্টা একসঙ্গে ছিলাম। সাকিব-তামিমের সঙ্গেও অনেক কথা বলেছেন টেন্ডুলকার। নিজের অভিজ্ঞতা থেকে অনেক পরামর্শও দিয়েছেন।’