টেন্ডুলকারের সম্মাননা নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারের অস্ট্রেলীয় সম্মাননা নিয়ে তোলপাড় চলছে দুই দেশেই। ক্রিকেটার ও ক্রিকেট ব্যক্তিত্ব হিসেবে টেন্ডুলকারের বিশালত্বকে সম্মান জানাতেই ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’—সহজ ভাবনা এই। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডও বলেছেন এটিই। কিন্তু এই সরল ভাবনায় আবদ্ধ থাকেনি টেন্ডুলকারের সম্মাননা। ভারতীয় পত্রপত্রিকায় উচ্ছ্বাসের পাশাপাশি আছে বাঁকা-চোখে তাকানো, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নতি আর ভারতের বিশাল বাজার ধরতেই কি অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর চাল এটা? অস্ট্রেলিয়ায় কোনো রাখঢাক নেই। রাজনীতিবিদ, সংবাদমাধ্যম ও ক্রীড়া ব্যক্তিত্বরা যেন নিশ্চিত, টেন্ডুলকারকে এই সম্মাননা দেওয়ার কারণটা কূটনৈতিক আর অর্থনৈতিক। ২০০৮ সালের বহু আলোচিত ‘মাঙ্কিগেট কেলেঙ্কারি’তে অন্যতম মুখ্য ভূমিকা থাকার পরও টেন্ডুলকারকে কীভাবে এমন সম্মাননা জানানো হলো, এ প্রশ্ন ক্রিকেট ব্যক্তিত্বদের।আরেকটি দেশের এই সম্মান পাওয়ায় টেন্ডুলকার নিজে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। ধন্যবাদ জানিয়েছেন অস্ট্রেলীয় সরকারকে, ‘এমন স্বীকৃতি পাওয়ায় আমি খুবই সম্মানিত বোধ করছি। একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে আমি সব সময়ই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা উপভোগ করেছি। দুই দেশের লড়াই ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইগুলোর একটি, খেলাটার জন্য যা খুবই প্রয়োজন। আশা করি, এই সম্মাননা দুই দেশের মেলবন্ধনকে আরও জোরালো করবে, দুই দেশেই ক্রিকেট দারুণ জনপ্রিয়। অস্ট্রেলিয়ায় ক্রিকেট-সমর্থকদের কাছ থেকে আমি সব সময়ই ভালোবাসা পেয়েছি। আবারও হূদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি অস্ট্রেলীয় সরকারকে।’তবে অন্য কিছুর গন্ধ পাচ্ছে ভারতের বহুল প্রচারিত হিন্দি পত্রিকা দৈনিক ভাস্কর , ‘এটা কি ভারতীয়দের বিশ্বাস অর্জন ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার প্রয়াস? আপাতত তা-ই মনে হচ্ছে। অস্ট্রেলিয়ান পণ্যের বড় বাজার চীনে অর্থনৈতিক মন্দা চলছে। অস্ট্রেলিয়ার তাই প্রয়োজন নতুন বাজার, এ জন্যই আশাভরে তাকাচ্ছে ভারতের দিকে।’ কলকাতার ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ লিখেছে, ‘জুলিয়া তাঁর দেশবাসীকে বিরক্ত করার আরেকটি হাতিয়ার উপহার দিয়েছেন শচীনকে। জুলিয়া গিলার্ড ব্যাট হাতে মাঠে নামেননি, তবে এমন জোরালো এক শট খেলেছেন যে, অস্ট্রেলিয়ানরা শচীন টেন্ডুলকারকে ঘৃণা করার ৬৫১৬তম কারণ খুঁজে পাচ্ছে।’ ৬৫১৬তম কারণের ব্যাখ্যা, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেন্ডুলকারের মোট রান ৬৫১৫!কলকাতার দ্য টেলিগ্রাফ যা লিখেছে, সেটার প্রতিফলন ছিল অস্ট্রেলিয়াজুড়ে। নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের স্বতন্ত্র সাংসদ রব ওকশটের কাছে এটা অস্ট্রেলিয়ান সরকারের নমনীয় কূটনীতির উদাহরণ, ‘আমি ক্রিকেট ভালোবাসি, শচীন টেন্ডুলকারকে পছন্দ করি। কিন্তু যাকে বলা যায় নমনীয় কূটনীতি, সেটা নিয়ে আমার আপত্তি আছে। অস্ট্রেলিয়ান কোনো সম্মাননা পেতে হলে অস্ট্রেলিয়ার জন্য কিছু করতে তো হবে! এ নিয়ে আমি মাথা কুটে মরব না...কিন্তু প্রশ্নটা হলো এই সম্মাননার শুদ্ধতা রক্ষা। শুধু অস্ট্রেলিয়ানদেরই এটা দেওয়া উচিত।’ ব্রিসবেন টাইমস-এ পিটার মানরো লিখেছেন, ‘টেন্ডুলকারের কাছে মিসেস গিলার্ডের নতজানু হওয়া মানে যেন ইউরেনিয়াম-ভর্তি একটি জাহাজ ভারতে পাঠানো। ক্রিকেট-পাগল দেশটির সঙ্গে আমাদের দ্রুতবর্ধমান রপ্তানি-বাণিজ্যের সম্পর্কোন্নয়নে বিস্ময়কর রকম কাজ করবে।’২০০৮ সালে সিডনি টেস্টে মাঙ্কিগেট কেলেঙ্কারির অন্যতম মুখ্য চরিত্রে ছিলেন টেন্ডুলকার। অ্যান্ড্রু সাইমন্ডস ও হরভজন সিংয়ের কথার লড়াইয়ের সময় উইকেটে ছিলেন টেন্ডুলকারও। অনেক অস্ট্রেলিয়ানের ধারণা, টেন্ডুলকারের মিথ্যা সাক্ষ্যে সেবার বর্ণবাদী মন্তব্য করেও বেঁচে যান হরভজন। সেটাই মনে করিয়ে দিলেন ক্রিকেট লিখিয়ে ম্যালকম কন, ‘মাঙ্কিগেট কেলেঙ্কারিতে মুখ্য ভূমিকা থাকার পরও প্রধানমন্ত্রী কীভাবে টেন্ডুলকারকে এই সম্মাননা দিলেন!’ ক্রীড়া সাংবাদিক গ্রেগ বামের রসিকতা, ‘আমি শচীনকে পছন্দ করি, তাই বলে অর্ডার অব অস্ট্রেলিয়া? আমি শুধু ওকে দেখেছি অস্ট্রেলিয়াকে ডিসঅর্ডার করতে!’ জুলিয়া গিলার্ড অবশ্য আবারও দাবি করেছেন, ডন ব্র্যাডম্যানের পর সর্বকালের সেরা ব্যাটসম্যানকে সম্মান জানাতেই এ সম্মাননা। ওয়েবসাইট।