টেন্ডুলকারের সাদামাটা উদ্যাপন
৩৯তম জন্মদিন শচীন টেন্ডুলকার উদ্যাপন করলেন চণ্ডীগড়ে। জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটেছেন গাছপালায় ঘেরা প্রাসাদসম এক বাড়িতে। কিংবদন্তির জন্মদিনে নিজের বাড়িতে ব্যক্তিগত এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ভারতীয় শিল্পপতি রাজীব বালি। কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে আইপিএলের ম্যাচ খেলতে টেন্ডুলকারের দল মুম্বাই ইন্ডিয়ানস এখন চণ্ডীগড়ে। গতকাল টিম হোটেলেও ছোটখাটো একটা পার্টি হওয়ার কথা।পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ আজ মোহালিতে; মুম্বাই ইন্ডিয়ানস চণ্ডীগড় পৌঁছেছে সোমবার বিকেলে। সেদিন রাতের ওই পার্টিতে ছিলেন দিনেশ কার্তিক, কাইরন পোলার্ড, প্রজ্ঞান ওঝা, জেমস ফ্রাঙ্কলিনসহ টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানস সতীর্থদের অনেকেই। স্ত্রী অঞ্জলিকে নিয়ে অনুষ্ঠানে যান টেন্ডুলকার। ব্যাপক করতালিতে টেন্ডুলকার দম্পতিকে স্বাগত জানান উপস্থিত সবাই। অটোগ্রাফ-শিকারিদের আবদার আর ছবির জন্য পোজ দিতেই কেটেছে অনেকটা সময়। জন্মদিনের কেকটা ছিল ‘১০০’ আকৃতির। শততম সেঞ্চুরির পর প্রথম জন্মদিন, এ জন্যই ‘সেঞ্চুরি’ কেক!আজই গুরুত্বপূর্ণ ম্যাচ, খুব বড় কোনো আয়োজন তাই থাকছে না জন্মদিনের। কাল অনুশীলন শেষে হোটেলে ফেরার পর হোটেল কর্তৃপক্ষ ও মুম্বাই ইন্ডিয়ানস সতীর্থদের আয়োজনে ছোটখাটো একটা পার্টি হওয়ার কথা। স্রেফ কেক কেটে সাদামাটাভাবে হওয়ার কথা এ আয়োজন। হোটেল কর্তৃপক্ষ অবশ্য বড়সড় একটা বিশাল আয়োজন করতে চেয়েছিল, কিন্তু টেন্ডুলকারের সম্মতি পাওয়া যায়নি।৩৯ বছর হয়ে গেল, অবসর প্রশ্নটা এখন হয়তো কয়েক দিন আবার শুনতে হবে টেন্ডুলকারকে। বরাবরের মতো বিরক্তিভরে এ প্রশ্নের উত্তর দেওয়ার কথা। বিরক্ত রমাকান্ত আচরেকারও। টেন্ডুলকারের গুরুর ধারণা, অবসর এখনো বহুদূর, ‘অবসর নিয়ে এসব গুঞ্জন বন্ধ হওয়া উচিত, এখনো ওর অবসরের সময় হয়নি। আমি দেখতে পাচ্ছি, ও ফর্ম ফিরে পাচ্ছে। রানে ফেরা এখন স্রেফ সময়ের ব্যাপার। শততম সেঞ্চুরিটা হয়ে গেছে, আমার শচীন এখন যেকোনো সময়ের চেয়ে ভালো ব্যাটিং করবে। শেষের এখনো অনেক দূর...ওর অবসর নিয়ে যারা কথা বলে, সবাই ভুল।’ ওয়েবসাইট।