টেন্ডুলকারের সেঞ্চুরি চায় ইডেনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক লাখ সমঝদার দর্শকে টইটম্বুর গ্যালারি, গগনবিদারী চিৎকার—ইডেন গার্ডেন মানেই অন্য রকম কিছু। ভারতীয়রা তো বটেই, বাইরের ক্রিকেটারদেরও স্বপ্ন থাকত ইডেনে খেলা। কিন্তু সেই দিন আর নেই। লাখ দর্শকের রোমাঞ্চ হারিয়ে গেছে স্টেডিয়ামের আধুনিকায়নে। সংস্কারের পর দর্শকধারণক্ষমতা নেমে এসেছে মাত্র ৬৪ হাজারে। সংস্কারকাজে ধীরগতির জন্য গত বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় এখান থেকে। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে তো কেলেঙ্কারিই হলো। ওয়ানডে ম্যাচটায় দর্শক হয়েছিল ২৭ হাজার, ইডেনে সর্বকালের সবচেয়ে কম দর্শকের রেকর্ড!ক্রিকেটীয় রাজনীতির মারপ্যাঁচেরও একটা ভূমিকা আছে এসবে। গত সাড়ে ৬ বছরে মাত্র দুটি টেস্ট হয়েছে ইডেনে। তবে কারণ যা-ই হোক, এটা সত্যি, ইডেনের সেই সুদিন আর নেই। তবে গৌরবময় অতীতে ফেরার সুযোগ কিন্তু আছেই। ইডেনের ওপর আলো ফিরিয়ে আনতে পারেন এখন একজনই—শচীন টেন্ডুলকার। এখানেই যদি করে ফেলেন বহুকাঙ্ক্ষিত সেই শততম সেঞ্চুরি!অর্থাৎ ঘুরেফিরে আলোচনায় সেই একটা ব্যাপারই। আজ আবার মাঠে নামছে ভারত, শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজে দ্বিতীয় টেস্ট। কিন্তু যথারীতি জয়-পরাজয়, ম্যাচের আর সবকিছু ছাপিয়ে আলোচনায় টেন্ডুলকারের সেঞ্চুরির ‘সেঞ্চুরি’। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) কর্তারা খুব করে চাইছেন, এখানেই হয়ে যাক কীর্তিটা। পুরো ক্রিকেট-বিশ্বই আবারও শুরু করছে ক্ষণগণনা। যথারীতি চাপও বাড়ছে টেন্ডুলকারের ওপর। তাঁর বর্তমান-সাবেক সতীর্থরা বারবার বলছেন, এ নিয়ে এত শোরগোল তুলে চাপ বাড়িয়ে দেওয়া উচিত নয়। কিন্তু এ এমনই এক কীর্তি যে, না হওয়া পর্যন্ত আলোচনা থামার জো নেই, হওয়ার পরও অনেক দিন চলবে নিশ্চিত।শেষ পর্যন্ত হয়ে গেলে কতজন দর্শক সামনাসামনি এর সাক্ষী হবেন, সংশয় থাকছে। স্থানীয় পত্রিকাগুলোয় এসেছে, টিকিট ছাড়ার প্রথম দিনে মাত্র ৯৮টি টিকিট বিক্রি হয়েছে, শুক্রবার পর্যন্ত ৩২৪টি। সিএবি শেষে আর টিকিট বিক্রির সংখ্যাটাই জানায়নি। কোষাধ্যক্ষ সুবীর গাঙ্গুলীর যদিও আশা, ৩০ থেকে ৪০ হাজার লোক মাঠে থাকবেই, কিন্তু সত্যিটা হলো, এত দর্শক আনতে পারেন কেবল টেন্ডুলকারই।তবে এই সংশয়টা থাকলেও ম্যাচ জিততে ভারতের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। এই মাঠে সর্বশেষ ম্যাচে (ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে) উইকেটে যেভাবে স্পিন ধরেছে, তাতে শঙ্কিতই হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের। দিল্লিতে সবাইকে চমকে দিয়ে প্রথম ইনিংসে বড় লিড নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ পর্যন্ত সহজে হেরেছে স্পিন খেলার দুর্বলতার কারণেই। অধিনায়ক ড্যারেন স্যামিও সেটা মানছেন। ব্যাটসম্যানদের তাই বলছেন স্পিনের বিপক্ষে আরও ইতিবাচক হতে, ‘স্পিনই আমাদের মূল সমস্যা। দিল্লিতে স্পিনে ১৫ উইকেট হারিয়েছি আমরা ২২০ রানে...স্পিনাররা আক্রমণে এলেই আমরা খোলসে ঢুকে পড়েছি। আমাদের উচিত ছিল শিবের (চন্দরপল) মতো ইতিবাচক থাকা। স্পিনে আরও বেশি রান করার উপায় বের করতে হবে আমাদের।’অশ্বিন-ওঝাদের বিপক্ষে কাজটি সহজ হবে না মোটেও। উইন্ডিজের পেস বনাম ভারতীয় ব্যাটিং নয়, ভারতীয় স্পিনে উইন্ডিজের ব্যাটিংই তাই নির্ধারণ করে দেবে এই টেস্ট, এমনকি সিরিজের ভাগ্য। ওয়েবসাইট।