টেন্ডুলকারের সেঞ্চুরি-বিচিত্রা
গড়ে ৫.৭২টি টেস্টে শচীন টেন্ডুলকারের একটি সেঞ্চুরি। ওপরে আছেন শুধু ডন ব্র্যাডম্যান (২.৭৬)। টেন্ডুলকারের ঠিক পরে ম্যাথু হেইডেন (৬.১৩)। প্রথম সেঞ্চুরি করেছিলেন নবম টেস্টে, দশম সেঞ্চুরি ৪১তম টেস্টে, ২০তম সেঞ্চুরি ৬৯ টেস্টে, ৯৯ টেস্টে ৩০তম সেঞ্চুরি, ৪০তম সেঞ্চুরি ১৫৪ টেস্টে, ১৭৫তম টেস্টে এল ৫০তম সেঞ্চুরি। ৫০ সেঞ্চুরির ২২টি ভারতে, ২৮টি দেশের বাইরে। উপমহাদেশে ১০৮ টেস্টে সেঞ্চুরি ৩৩টি। দেশের বাইরে সবচেয়ে বেশি ৬টি সেঞ্চুরি অস্ট্রেলিয়ায়, ৫টি করে বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষে সেঞ্চুরি আছে। সবচেয়ে বেশি, ১১টি অস্ট্রেলিয়ার বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে ৯টি। সেঞ্চুরির হার সবচেয়ে বেশি বাংলাদেশের বিপক্ষে (৭ টেস্টে ৫টি), পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে কম (১৮ টেস্টে ২ সেঞ্চুরি)। দলের প্রথম ইনিংসে সেঞ্চুরি ৩৭টি, দ্বিতীয় ইনিংসে ১৩। ম্যাচের প্রথম (২০), দ্বিতীয় (১৭) ও তৃতীয় ইনিংসে (১০) সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড টেন্ডুলকারের। চতুর্থ ইনিংসে টেন্ডুলকারের (৩) চেয়ে একটি বেশি সেঞ্চুরি গাভাস্কার, সারওয়ান, ইউনুস ও পন্টিংয়ের। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সাতটি সেঞ্চুরি করেছেন এ বছরই, ১৯৯৯ সালে করেছিলেন ৫টি সেঞ্চুরি। টেস্ট অভিষেকের চার বছর পর প্রথম সেঞ্চুরি পেয়েছেন দেশের মাটিতে। তবে সেটি ছিল দেশের মাটিতে তাঁর মাত্র তৃতীয় টেস্ট! এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি পাননি এখনো। টানা সবচেয়ে বেশি চার টেস্টে সেঞ্চুরি করেছেন এ বছরেই খেলা প্রথম চার টেস্টে। সবচেয়ে বেশি ৪৩টি সেঞ্চুরি চার নম্বরে ব্যাট করে, পাঁচ নম্বরে সেঞ্চুরি ৫টি, ছয়ে ২টি। সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি সবচেয়ে বেশি ১৯টি, প্রথম টেস্টে ১৮টি। টেন্ডুলকারের ২০ সেঞ্চুরিতে জিতেছে দল, হেরেছে ১১টিতে। ড্র ম্যাচে সেঞ্চুরি ১৯টি। বাংলাদেশের বিপক্ষে ৫ সেঞ্চুরি ছাড়া আর কোনো ফিফটি নেই, ফিফটির চেয়ে সেঞ্চুরি বেশি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও।