টেন্ডুলকারের সেঞ্চুরিতে জোর লড়াই ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচের লাগামটা অনেকখানিই নিজেদের হাতে রেখেছিলেন শচীন টেন্ডুলকার আর গৌতম গম্ভীর। আজও দিনের অনেকটা সময় প্রোটিয়াস বোলারদের হতাশায় ডুবিয়েছেন তাঁরা। ১১৪ রানের জুটিটাকে টেনে নিয়ে গেছেন ১৭৬ রান পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয়েছে গম্ভীরেরও। দশম টেস্ট সেঞ্চুরিটা মাত্র সাত রান দূরে রেখে আউট হয়েছেন এই বাঁহাতি ওপেনার।তবে গম্ভীরের মতো ভুল করেননি শচীন টেন্ডুলকার। ঠিকই নিজের ক্যারিয়ারের ৫১তম টেস্ট সেঞ্চুরিটি পূরণ করেছেন অবলীলায়। এই মুহূর্তে টেন্ডুলকারকেই মনে হচ্ছে প্রোটিয়াদের সবচেয়ে বড় বাধা। ১৩৩ রানে অপরাজিত রয়েছেন তিনি।টেন্ডুলকারের যোগ্য সঙ্গী হিসেবে ১৮ রান নিয়ে ব্যাট করছেন ‘অলরাউন্ডার’ হরভজন সিং।শচীন টেন্ডুলকারকে আউট করতে না পারলেও গম্ভীরের পর খুব তাড়াতাড়ি ভিভিএস লক্ষণ ও অধিনায়ক ধোনিকে ফিরিয়ে দিয়ে ম্যাচে ফেরার আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকান বোলাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩১৩ রান। ফাস্ট বোলার ডেল স্টেইন মাত্র ৪৪ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। রয়টার্স।