টেন্ডুলকারের হাতে বিশ্বকাপ চান সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ এপ্রিল ২০১১। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। মাত্রই দুর্দান্ত এক সেঞ্চুরি করে ম্যাচ জেতালেন শচীন টেন্ডুলকার। জেতালেন আসলে বিশ্বকাপ শিরোপাই। আজন্ম-আরাধ্য সেই ট্রফি হাতে নিয়ে ক্রিকেটের সর্বকালের সফলতম ব্যাটসম্যানটি জানিয়ে দিলেন, তাঁর আর চাওয়া-পাওয়ার কিছু নেই। ক্রিকেটকেই তাই জানিয়ে দিচ্ছেন বিদায়!এতক্ষণ যা পড়লেন তা স্রেফ কল্পনা। আপনি শচীন-ভক্ত হয়ে থাকলে নিশ্চয়ই চাইবেন, এই পৃথিবীতে আগামী ২ এপ্রিল দিনটা যেন ঠিক এভাবেই আসে। খোদ সৌরভ গাঙ্গুলীও যে প্রার্থনা করছেন এমন।টেন্ডুলকারের শহর মুম্বাইয়ে আগামী বিশ্বকাপের ফাইনাল। সৌরভের চাওয়া, ‘আমি আশা করি, ও ফাইনালে উঠবে এবং জিতবেও। ভারতীয় ক্রিকেটকে এটাই হবে ওর দেওয়া শ্রেষ্ঠ প্রতিদান। ও কিংবদন্তি। ওর রেকর্ড, ওর অর্জন সবই অবিশ্বাস্য। আশাকরি এই পালকটাও যুক্ত হবে ওর মুকুটে।’২০১১-তে অবসর নিন আর না-ই নিন, নিশ্চিতভাবেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন টেন্ডুলকার। ক্রিকেট-দেবতা দুই হাত ভরে দিলেও বড় কোনো ট্রফি টেন্ডুলকারের জেতা হয়নি। ১৯৮৩ বিশ্বকাপের পর ভারত ট্রফিটার সবচেয়ে কাছাকাছি গিয়েছিল ২০০৩-এর আসরে। ২০ বছর পর ভারতকে ফাইনালে নিয়ে যাওয়া অধিনায়ক সৌরভ বলছেন, এই ট্রফিটা ছাড়া টেন্ডুলকারের ক্যারিয়ারে একটা শূন্যতা থেকে যাবে।১৯৯৬ সালের পর আবার ভারতীয় উপমহাদেশে বিশ্বকাপ। নিজেদের দর্শকের সামনে খেলা একটা প্রেরণা ঠিকই, তবে একটা চাপও হবে বলে মনে করেন সৌরভ, ‘চাপ তো থাকবেই। প্রতিটি স্বাগতিক দলের ওপরই চাপ থাকে, বিশেষ করে খেলাটা যদি হয় ভারতে। যতবার ধোনি-শচীনরা হোটেল থেকে বেরোবে, সবাই চিৎকার করে বলবে, “শিরোপা জেত, শিরোপা জেত।” এটা তো চাপই। তবে এই চাপের সঙ্গে দল অভ্যস্তও।’খেলা ছেড়েছেন। ২০১১ বিশ্বকাপ তিনি দেখবেন দর্শক হয়ে। ধারাভাষ্যকক্ষেও ব্যস্ত থাকতে পারেন। তবে এসবের বাইরেও সৌরভের পরিচয় থাকবে আরেকটি—ভারতের পাঁড় সমর্থক, ‘কে জিতবে বলা কঠিন। তবে আমি ভারতকেই সমর্থন দিয়ে যাব। বিভিন্ন দলের মধ্যে তুলনা করার মতো জ্ঞানী আমি নই। তবে এতটুকু বুঝি, শেবাগ, শচীন, যুবরাজ, গম্ভীর, ধোনিদের নিয়ে গড়া এই ব্যাটিং লাইনআপ অবশ্যই সেরা। আমার উদ্বেগ কেবল বোলিং নিয়ে। আশা করব বোলাররা ফিট থাকবে, ভালো করবে।’ ওয়েবসাইট।