বিদায়বেলায় স্বরূপে টেন্ডুলকার

দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারের শেষ ম্যাচ। ভেতরে ভেতরে স্বাভাবিকভাবেই কাজ করছে প্রচণ্ড আবেগ। তবে টেন্ডুলকার বলেই বোধ হয় সেটা বাইরে থেকে বোঝার উপায় নেই। সীমাহীন চাপ উপেক্ষা করে স্বভাবসুলভ ব্যাটিং উপহার দিয়ে চলেছেন লিটল মাস্টার। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে বিনোদিত করছেন দর্শকদের।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টেন্ডুলকারের সংগ্রহ ৭১ রান। তাঁর সঙ্গে ৫৮ রান নিয়ে অপরাজিত আছেন চেতেশ্বর পুজারা। টেন্ডুলকার নিজের ৬৮তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাউন্ডারি হাঁকিয়ে। গোটা ক্রিকেটবিশ্ব অপেক্ষায় ক্রিকেট মহানায়কের বিদায় বেলায় তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি দেখার। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজও বোধ হয় এতে বিন্দুমাত্র কষ্ট পাবে না। কে জানে, টেন্ডুলকারের সেঞ্চুরির অপেক্ষায় ক্যারিবীয়রাও!
প্রথমে ব্যাট করে ১৮২ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে এরই মধ্যে ২ উইকেটে ২১৬ রান তুলে ফেলেছে ভারত। মুম্বাই টেস্টের যা অবস্থা, দ্বিতীয় টেস্টে ব্যাটিং করতে না-ও হতে পারে ভারতীয় দলের। সে ক্ষেত্রে আজই ইতি ঘটবে টেন্ডুলকারের দুই যুগের বর্ণাঢ্য ক্যারিয়ারের। কাকতালভাবে ২৪ বছর আগে ঠিক এই দিনেই (১৯৮৯ সালের ১৫ নভেম্বর) আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল তাঁর। টেস্ট ক্যাপ পরেছিলেন টেন্ডুলকার।
গতকাল ৩৮ রানে অপরাজিত থেকে লিটল মাস্টার যখন মাঠ ছাড়ছিলেন, গ্যালারি থেকে আসছিল একটাই গর্জন—‘শচীন...শচীন...শচীন...’!!! সেঞ্চুরি করে মাঠ ছাড়ার পরও দর্শকদের কাছ থেকে এতটা উচ্ছ্বাস, এতটা ভালোবাসা খুব কম ব্যাটসম্যানের ভাগ্যেই জোটে। টেন্ডুলকার নিজেও ব্যাট তুলে ধরলেন। ৩৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ার সময় ব্যাট তোলাও বোধ হয় এই প্রথম। আজ দ্বিতীয় দিনে টেন্ডুলকার যখন মাঠে নামলেন, দর্শকেরা একইভাবে চিত্কার করে প্রিয় তারকাকে স্বাগত জানান। টেন্ডুলকার একেকটা স্ট্রোক খেলছিলেন আর গর্জন করে উঠছিলেন দর্শকেরা। রান হওয়া না-হওয়া এখানে মুখ্য নয়। টেন্ডুলকার বিদায়ী টেস্টে ব্যাট করছেন, প্রতিটি বলই তো উদযাপনের!
ক্রিকেট, ফুটবল, টেনিস, গলফসহ যেকোনো খেলার আপডেট ও খবর পেতে আপনার মোবাইল থেকে S লিখে এসএমএস করুন ২২২১ নম্বরে।