দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ হেরেও সিরিজ জিতে ‘ভলভো’ গাড়ি নিয়ে ভারতীয়দের উল্লাস নিশ্চয়ই দেখেছেন। গাড়ির মালিক অবশ্য সেদিন মাঠে ছিলেন না। এক ম্যাচ না খেলেও তিন ম্যাচ সিরিজের সেরা হয়ে গাড়িটি পেয়েছেন শচীন টেন্ডুলকার। এই নিয়ে ১৫ বার সিরিজ-সেরার স্বীকৃতি পেলেন, আরেকটু ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন নিজের রেকর্ডটিকে। রেকর্ডটি দীর্ঘদিনই টিকে থাকার কথা, কারণ দুইয়ে যিনি, সম্প্রতি তিনি হারিয়েছেন দলে জায়গাটাই। সবচেয়ে বেশিবার ম্যান অব দ্য ম্যাচের (৬১-৪৮) মতো ম্যান অব দ্য সিরিজেও টেন্ডুলকারের ঠিক পেছনে সনাত্ জয়াসুরিয়া (১১ বার)। তিন নম্বরে যিনি, তিনি তো ক্রিকেট ছেড়েছেন দু বছর আগে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলক সিরিজ-সেরা হয়েছিলেন ৯ বার। ৭ বার করে হয়েছেন তিনজন। এঁদের মধ্যে দুজন—উদ্বোধনী জুটিতে টেন্ডুলকারের দীর্ঘদিনের সঙ্গী সৌরভ গাঙ্গুলী ও সর্বকালের সেরাদের একজন স্যার ভিভ রিচার্ডস তো অবসরই নিয়েছেন। খেলছেন একমাত্র রিকি পন্টিংই।