কাল ছিল শচীন টেন্ডুলকারের ২১তম ‘টেস্ট জন্মদিন’। ১৯৮৯ সালের কালকের দিনটিতেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ১৬ বছরের বিস্ময়বালকের। নিশ্চয়ই অবাক হচ্ছেন, ২১ বছর হয়ে গেল! বিস্ময়ের বাকি আছে এখনো। জেনে রাখুন, টেন্ডুলকারের চেয়েও লম্বা টেস্ট ক্যারিয়ার আছে ১০ জনের! সবার ওপরে ইংলিশ অলরাউন্ডার উইলফ্রেড রোডস। ১৮৯৯ সালের ১ জুন টেস্ট ক্রিকেটে পা রেখেছিলেন, ১৯৩০ সালের ৩০ এপ্রিল যখন বিদায় নিলেন, বয়স তখন ৫৩ ছুঁইছুঁই! টেস্ট ক্যারিয়ারের দৈর্ঘ্য ‘মাত্র’ ৩০ বছর ৩১৫ দিন! সে সময় কত কম টেস্ট খেলা হতো, এর একটা ধারণা পাবেন, যখন জানবেন প্রায় ৩১ বছরে রোডস টেস্ট খেলেছেন মোটে ৫৮টি! আরেক ইংলিশ অলরাউন্ডার ব্রায়ান ক্লোজ টেস্ট আঙিনায় ছিলেন ২৬ বছর ৩৫৬ দিন। দারুণ কৌতূহল জাগাবে তালিকায় পাঁচে থাকা জন ট্রাইকসের নামটি। ২৩ বছর ৪০ দিনের ক্যারিয়ারে টেস্ট খেলেছেন মাত্র ৭টি! ১৯৭০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি টেস্ট খেলে বাদ পড়েছিলেন। মিসরে জন্ম নেওয়া অফ স্পিনার ২২ বছর পর ৪টি টেস্ট খেলেছেন জিম্বাবুয়ের হয়ে!