টেন্ডুলকারের ২৪১ নিয়ে লারা

একটা সময় তাঁরা মেতেছিলেন একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার দ্বৈরথে। আসল লাভটা অবশ্য হয়েছিল ক্রিকেটানুরাগীদের, শচীন টেন্ডুলকার আর ব্রায়ান লারার ব্যাটিং মানেই তো মুগ্ধতার অফুরান উৎস। নিজেরাও নিশ্চয়ই চোখ রাখতেন একে অন্যের ওপর। চ্যাম্পিয়নস লিগ উপলক্ষে ভারতে আসা সেই লারাকেই যখন জিজ্ঞেস করা হলো টেন্ডুলকারের কোন মুহূর্তটা এখনো চোখে লেগে আছে, উত্তরটা একটু বিস্ময় হয়েই এল। স্টিভ ওয়াহর বিদায়ী টেস্টে সিডনিতে টেন্ডুলকারের ২৪১ রানের ইনিংসটাই বেছে নিলেন লারা।
কিন্তু স্ট্রোকের দ্যুতির ছটায় এর চেয়ে অনেক বর্ণিল ইনিংসই তো আছে টেন্ডুলকারের। সব বাদ দিয়ে সিডনির ইনিংসটাকেই কেন বেছে নিলেন লারা? উত্তরটা অবশ্য লারাই দিয়ে দিয়েছেন, ‘আমার মনে আছে ডাবল সেঞ্চুরিতে পৌঁছানোর আগ পর্যন্ত সেই ইনিংসে শচীন একটাও কাভার ড্রাইভ খেলেনি।’
সিডনির ওই ইনিংসটির আসলেই আলাদা মাহাত্ম্য ছিল। আগের সাত টেস্টে কোনো সেঞ্চুরি ছিল না টেন্ডুলকারের। ফিফটিই ছিল মাত্র দুটি। ২০০৩ সালের সেই সিরিজে প্রথম তিন টেস্টের ছয় ইনিংসে দুবার আউট হয়েছিলেন শূন্য রানে। শেষ টেস্টে তাই কিছু একটা করার ধনুকভাঙা পণ নিয়েই নেমেছিলেন। নিজের সহজাত স্ট্রোক প্লে তুলে রেখে দেখা দিয়েছিলেন ‘অন্য’ টেন্ডুলকার। ২৪১ রানের ১৮৮ রানই এসেছিল লেগ সাইডে। লারা তো এমনি এমনি ইনিংসটাকে ‘স্পেশাল’ বলেননি! ওয়েবসাইট।