টেন্ডুলকারের ‘অহিংস বচন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগে ইংল্যান্ড সফরে গিয়ে ৪-০-তে ধবলধোলাই হওয়ার সেই দুঃস্মৃতি এখনো টাটকা, আরও কত দিন এটি তাড়া করে ফিরবে, ভারত দলটি নিজেই তা জানে না। ইংল্যান্ডকে দেশের মাটিতে পেয়ে সেই দগদগে ঘায়ে প্রলেপ দেওয়ার একটা মোক্ষম সুযোগ এবার ভারতের সামনে। তবে ইংল্যান্ডের ভারত সফরের আগে সবাই যতই ‘প্রতিশোধ’, ‘প্রতিশোধ’ চিৎকার করুন না কেন, শচীন টেন্ডুলকার এর মধ্যে প্রতিশোধের কিছু দেখছেন না। তাঁর মতে, ওই হারের প্রতিশোধ পর পরই নেওয়া হয়ে গেছে, ভারতে ফিরতি ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারিয়ে। এয়ারটেলের ‘টক টু মি লাইভ’ অনুষ্ঠানে টেন্ডুলকার বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের এসব পেছনে ফেলে আসা উচিত। আমাদের এটাও মনে রাখতে হবে, ওই সিরিজের পর পরই ইংল্যান্ড যখন ভারতে এল, তাদের আমরা ৫-০-তে হারিয়েছিলাম। এটা ভুলে গেলে চলবে না। আগে অনেক কিছুই ঘটেছে। এটা নতুন সিরিজ এবং নিজেদের সেরাটাই আমাদের দিতে হবে। দুর্দান্ত ও আকর্ষণীয় একটা সিরিজ হবে। লড়াইটা ভালোই জমবে।’প্রতিশোধ এরই মধ্যে নেওয়া হয়ে গেছে, এখন প্রতিশোধের কিছু নেই—এমন কথা বলে নিজের বা দলের ওপর থেকে চাপটা কি সরিয়ে নিতে চাইছেন লিটল মাস্টার? ক্যারিয়ারের গোধূলিলগ্নে সমালোচকদের তির্যক দৃষ্টির সামনে দাঁড়িয়ে প্রথম টেস্টের জন্য নিজেকে ভালোই ঝালিয়ে নিয়েছেন। চলতি রঞ্জি ট্রফির একটি ম্যাচ খেলে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। সব মিলিয়ে দলের প্রস্তুতিও ভালো হয়েছে বলে ধারণা তাঁর, ‘দলের বেশির ভাগ খেলোয়াড়ই ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে। আমরা আহমেদাবাদে যাওয়ার আগে কাল থেকে প্র্যাকটিস শুরু করছি। আরও ছয়-সাত দিন সময় পাব।’ ওয়েবসাইট।গতকাল থেকেই ১৫ নভেম্বর আহমেদাবাদে শুরু প্রথম টেস্টের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে ভারত। অনুষ্ঠানে অবশ্য ভক্তদের বিচিত্র সব প্রশ্নের উত্তর দিতে হয়েছে টেন্ডুলকারকে। কীভাবে জাতীয় দলে সুযোগ পাওয়া যায়, ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অমিতাভ বচ্চনকে কীভাবে একনজর দেখা যায়, এমনতরো প্রশ্নও ছিল। ক্রিকেটীয় প্রশ্নও এসেছে। তাঁর দেখা সবচেয়ে ভীতিকর বোলার কে, এই প্রশ্নের জবাবে টেন্ডুলকারের জবাব, ‘আমি কাউকেই ভয় পাই না, তবে কয়েকজনকে সমীহ করি। আউট হতে তো একটা বলই লাগে, নাকি?’