টেন্ডুলকারের 'ডাবল' কোথায়?
শচীন টেন্ডুলকার নিজেই বলেছেন, অবসর নিয়ে তাড়াহুড়ো তিনি করবেন না। তাতেও অবশ্য জল্পনা থামছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) তো তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত নয়। সে জন্য টেন্ডুলকারের ২০০তম টেস্টের ভেন্যুও নির্ধারণ করতে পারছে না। বিসিসিআই বলেছে, টেন্ডুলকারের ভবিষ্যতের পরিকল্পনার ওপরই নির্ভর করবে টেস্টটি কোন মাঠে হবে। ওয়েবসাইট।
২০০তম টেস্টটা টেন্ডুলকার নিজেদের মাটিতে খেলছেন এটা নিশ্চিত। তবে ভেন্যু নির্ধারিত হয়নি। টেন্ডুলকারের ‘ঘরের মাঠ’ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম তো আছেই, মহাগুরুত্বপূর্ণ টেস্টটি আয়োজন করতে চায় কলকাতাও। বিসিসিআইয়ের তালিকায় নাকি বেঙ্গালুরুও আছে। বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, টেন্ডুলকার যদি ২০০তম টেস্ট খেলে অবসরের কথা ভেবে থাকেন, তাহলে টেস্টটির ভেন্যু হবে মুম্বাই। নয়তো হতে পারে দেশের যেকোনো মাঠে। ‘তার শুরুটা হয়েছিল যেখানে, শেষটাও সেখানেই হওয়া উচিত, যদি সে অবসর নেয়। কিন্তু টেন্ডুলকার যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরও খেলাটা চালিয়ে যেতে চায়, তাহলে টেস্টটা হতে পারে কলকাতায়’—বলেছে ওই সূত্র।
মজার ব্যাপার হলো, ২০০ নম্বর টেস্টের ভেন্যু নিয়ে ‘ভারতীয় ক্রিকেট দেবতা’র কোনো পছন্দ-অপছন্দ নেই। টেন্ডুলকারের ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, ‘দেশের যেখানেই হোক, তার খেলতে কোনো দ্বিধা নেই।’ তবে সৌরভ গাঙ্গুলী মনে করেন, টেন্ডুলকার অবসর নিন বা না নিন, টেস্টটা তাঁর ঘরের মাঠ মুম্বাইয়েই হওয়া উচিত, ‘যদি টেন্ডুলকার ২০০তম টেস্টটি মুম্বাইয়ে খেলে, সেটা হবে বিশাল ব্যাপার। মাঠটির সঙ্গে তার সত্যিকারের আবেগ জড়িয়ে আছে। সে তার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সেখানে পাবে।’