আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ৬০০ ক্লাবে এত দিন নিঃসঙ্গ ছিলেন শচীন টেন্ডুলকার। কাল সঙ্গী হিসেবে পেলেন মাহেলা জয়াবর্ধনেকে। পাকিস্তানের বিপক্ষে ফতুল্লায় ক্যারিয়ারের ৪০৮তম ওয়ানডেটি ছিল শ্রীলঙ্কান সাবেক অধিনায়কের ৬০০তম আন্তর্জাতিক ম্যাচ। ওয়ানডের বাইরে তিনি খেলেছেন ১৪৩টি টেস্ট ও ৪৯টি টি-টোয়েন্টি। ২০০ টেস্ট, ৪৬৩ ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি নিয়ে সবার ওপরে থাকা টেন্ডুলকারের ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে লেগেছে ২৪ বছর। মাহেলা ১৭ বছরেই পা রাখলেন এই ক্লাবে। বর্তমানে যাঁরা ক্রিকেট খেলছেন তাঁদের মধ্যে এই ক্লাবের সবচেয়ে কাছাকাছি কুমার সাঙ্গাকারা আছেন পাঁচে—৫৩৭ ম্যাচ (১২২ টেস্ট, ৩৬৫ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি)। দুই শ্রীলঙ্কান জয়াবর্ধনে এবং সাঙ্গাকারার মাঝে ৫৮৬ ও ৫৬০ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন সনাৎ জয়াসুরিয়া (১১০ টেস্ট, ৪৪৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি) ও রিকি পন্টিং (১৬৮ টেস্ট, ৩৭৫ ওয়ানডে, ১৭ টি-টোয়েন্টি)।