টেন্ডুলকারের ‘স্পোর্টস ফর অল’
অনেকটাই আলংকারিক পদ। তবে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়ে শচীন টেন্ডুলকার কথা দিয়েছিলেন, শুধু অলংকার হয়েই থাকবেন না; চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী কিছু করার। কথা রেখেছেন সাংসদ টেন্ডুলকার। ভারতীয় ক্রীড়ার উন্নতির জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করেছেন টেন্ডুলকার। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিবাল ও ক্রীড়ামন্ত্রী অজয় মাকেনের কাছে গত মাসেই এটি জমা দিয়েছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি।এতে আছে দুই পৃষ্ঠার লিখিত সারসংক্ষেপ ও ২৫টি স্লাইড শো প্রেজেন্টেশন। ভারতীয় ক্রীড়াঙ্গনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কিছু উপায়ও এই কর্মপরিকল্পনায় বাতলে দেওয়া হয়েছে।বিভিন্ন সূত্রের খবর, লন্ডন অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের পারফরম্যান্স দেখে কর্মপরিকল্পনা তৈরি করতে উদ্বুদ্ধ হয়েছেন টেন্ডুলকার। মূলত জোর দিয়েছেন চারটি মূল বিষয়ে—তৃণমূল থেকে তরুণ প্রতিভা খোঁজা ও পরিচর্যা করা, বিশ্ববিদ্যালয়-কলেজ স্তরে ক্রীড়ার ওপর আরও জোর দেওয়া ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা এবং অবকাঠামো পুনর্গঠন করে কীভাবে যুগোপযোগী করা যায় ও প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য কীভাবে শরীরচর্চা বা ক্রীড়াকে বাধ্যতামূলক করা যায়। টেন্ডুলকার এই কর্মপরিকল্পনার নাম দিয়েছেন ‘স্পোর্টস ফর অল’।মানবসম্পদ মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ এক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, টেন্ডুলকার পরামর্শ দিয়েছেন ক্রীড়াকে সহশিক্ষা কার্যক্রম হিসেবে না দেখে এটিকে বাধ্যতামূলক করা উচিত। ওই সূত্রের ভাষ্য, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী সিবালের দারুণ মনে ধরেছে কর্মপরিকল্পনাটি। তবে কীভাবে এটি বাস্তবায়ন করা সম্ভব, তা ঠিক করার দায়িত্ব ভারতের ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের। কর্মপরিকল্পনাটি দেখে মন্ত্রী টেন্ডুলকারকে লিখিতভাবে আমন্ত্রণ জানিয়েছেন প্রেজেন্টেশন দেখানোর জন্য। ওয়েবসাইট।