টেন্ডুলকারের ‘৪৯’
অন্য সবাইকে ছাড়িয়ে গেছেন অনেক আগেই। এখন শুধু নিজেকেই ছাড়িয়ে যাওয়ার পালা শচীন টেন্ডুলকারের। আর আস্তে আস্তে নিজেকে প্রায় অলঙ্ঘনীয় উচ্চতায় নিয়ে যাচ্ছেন লিটল মাস্টার। গতকাল ব্যাঙ্গালুরুর টেস্টের দ্বিতীয় দিনে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেছিলেন ১৪ হাজার রানের মাইলফলক। দিন শেষে অপরাজিত ছিলেন ৪৪ রানে। আজ তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগেই পূর্ণ করলেন ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি। মোহালি টেস্টের প্রথম ইনিংসে মাত্র দুই রানের জন্য সেঞ্চুরিটা হাতছাড়া হয়ে না গেলে আজ সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি উদযাপন করতে পারতেন শচীন।টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির দৌড়ে টেন্ডুলকারের পরেই আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। তাও ব্যবধানটা ১০ সেঞ্চুরির। ১৪৮টি টেস্ট খেলে ৩৯টি সেঞ্চুরি আছে পন্টিংয়ের ঝুলিতে।এই সেঞ্চুরির মধ্যে দিয়ে আরেকটি নতুন রেকর্ড গড়লেন টেন্ডুলকার। এক বছরে সবচেয়ে বেশি ছয়টি সেঞ্চুরি করলেন তিনি।