টেপ টেনিসের আসাদ শফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সর্বত্রই টেপ টেনিস ক্রিকেটের খুব প্রচলন। মফস্বল বা শহুরে তরুণ ক্রিকেটার আর অনেক কোচের দৃঢ়বিশ্বাস, টেপ টেনিসে খেলা অনেকটা প্রকৃত ক্রিকেট বলে খেলার মতোই। এই হাজারো তরুণ নড়েচড়ে বসতে পারেন একটা তথ্য জেনে। অনেকের চোখ স্বপ্নাতুরও হয়ে উঠতে পারে। খুব বেশি নয়, বছর চারেক আগেও টেপ টেনিস নাড়াচাড়া করেই সময় কাটত একজনের। পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান আসাদ শফিক!করাচির বিভিন্ন টেপ টেনিস টুর্নামেন্ট খেলার সময়ই তাঁর প্রতিভা নজরে পড়ে অনেকের। টেপ টেনিসে খেলার জন্যই হয়তো তাঁর টেকনিক বরাবরই ছিল বেশ ভালো। ২০০৭ সালের অক্টোবরে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক সেঞ্চুরি দিয়ে। ওই মৌসুমেই পেলেন একটি ডাবল সেঞ্চুরি। অল্পের জন্য অভিষেক মৌসুমে হাজার রান না হলেও এক মৌসুম পরেই করেছেন ১২ শতাধিক রান। এই পারফরম্যান্সেই ২০১০ এশিয়া কাপ দিয়ে ঢুকে গেলেন জাতীয় দলে। বাংলাদেশের বিপক্ষে ১৭ রানে আউট হয়ে যাওয়ার পর আর কোনো ম্যাচে সুযোগ পাননি। এরপর ইংল্যান্ডে ৫টি ওয়ানডেই খেললেন, একটি ৫০ ও একটি ৪০ ছাড়া বলার মতো স্কোর নেই। ভালো গেল না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটাও। তবে এই সিরিজেই টেস্ট অভিষেক, একমাত্র ইনিংসে করলেন ৬১। নিউজিল্যান্ডে গিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের একমাত্র ইনিংসে ৮৩। টেস্টের পারফরম্যান্সের কারণেই মূলত তিনি বিশ্বকাপ দলে।বিশ্বকাপে সুযোগের অপেক্ষায় বসে ছিলেন প্রথম চার ম্যাচ। পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৭৮ করে দলকে এনে দিলেন ৭ উইকেটের জয়। পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত থাকতে না পারলেও তাঁর ৪৬ রান দলকে নিয়ে গেছে জয়ের দিকে। ২৫ বছর বয়সী ব্যাটসম্যান দুটি ম্যাচেই নজর কেড়েছেন ঠান্ডা মাথা, বল বাছাইয়ের ক্ষমতা আর ইনিংস গড়ার দক্ষতায়। শফিক দলে ঢোকার পর থেকেই যেন পাকিস্তানের ভঙ্গুর টপ-অর্ডারে এসেছে কিছুটা স্থিতিশীলতা। কোচ ওয়াকার ইউনুস তো শিষ্যের অগ্রগতিতে একরকম অভিভূত, ‘সে প্রতি ম্যাচেই উন্নতি করছে, প্রতিদিনই পরিণত হচ্ছে। ও হয়তো বিগ হিটার নয়, কিন্তু প্রচুর সিঙ্গেল নিতে পারে আর এর ফাঁকে ফাঁকে ঠিকই বাউন্ডারি আদায় করে নেয়। তিন নম্বরের জন্য একেবারে আদর্শ।’ অধিনায়ক শহীদ আফ্রিদির চোখে বেশি পড়েছে শফিকের মানসিক শক্তি, ‘সুযোগ পেয়েই ও যেভাবে তা কাজে লাগিয়েছে, এটা ওর মানসিক দৃঢ়তারই প্রমাণ। অবশ্যই দারুণ প্রতিভা, এভাবে উন্নতি করতে থাকলে ও অনেক দূর যাবে।’