টেম্পারিং দেখানো নিয়েও বিতর্ক

ভারনন ফিল্যান্ডার বল টেম্পারিং করেছেন। জরিমানাও গুনেছেন। শুনলেন, জানলেন সবাই। কিন্তু দেখলেন কজন? সংখ্যাটা খুব বেশি হওয়ার কথা নয়। নখ দিয়ে ফিল্যান্ডারের বল খোঁটানোর সেই দৃশ্যটি যে দেখানোই হয়নি তখন! টিভির দর্শকেরা ঘটনা দেখেছেন দুই দিন পর, কারণ সম্প্রচারই করা হয়েছে দুই দিন পরে! এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইএসপিএনক্রিকইনফোর দাবি, ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) চাপেই দৃশ্যটি তখন দেখাতে পারেনি টেন ক্রিকেট। পরে ক্রিকেট শ্রীলঙ্কার চাপাচাপিতে দেখিয়েছে দুই দিন পর!
ঘটনা গল টেস্টের তৃতীয় দিনের। ফিল্যান্ডারের নখ দিয়ে বল খোঁটানোর দৃশ্যটি ধরা পড়ে টেন ক্রিকেটের ক্যামেরায়। তবে তারা দৃশ্যটি না দেখিয়ে ম্যাচ রেফারি জেফ ক্রোকে জানায়। চা-বিরতিতে ভিডিও ফুটেজ দেখেন ক্রো। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আর কাউকে কিছু জানাননি ম্যাচ রেফারি। দিনের খেলা শেষে বাকি সব ম্যাচ অফিশিয়ালকে ঘটনা দেখানোর পর ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয় ফিল্যান্ডারকে। কিন্তু টেম্পারিংয়ের ওই দৃশ্য আর দেখানোই হচ্ছিল না!
অবশেষে ম্যাচের শেষ দিন ৬৯ ওভার শেষে দৃশ্যটি দেখানো হয়। দেখা যায়, তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে নখ দিয়ে বল খুঁটছেন ফিল্যান্ডার। বলের খসখসে অংশে আঁচড় কাটেন অন্তত দুবার। এক হাত দিয়ে আরেক হাতের ভেতের বল লুকিয়ে রেখেছিলেন। ক্রিকইনফো জানাচ্ছে, ‘দলের নেতিবাচক ভাবমূর্তি’ ছড়াবে বলে সিএসএ ও দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট দৃশ্যটি না দেখাতে চাপ দেয় টেন কর্তৃপক্ষকে।এ জন্যই দুই দিন ধরে দৃশ্যটি দেখায়নি তারা। ক্রিকেট শ্রীলঙ্কাও ব্যাপারটি জানত না। ম্যাচের শেষ দিনে ব্যাপারটি জানার পর তারা টেন কর্তৃপক্ষকে চাপ দেয় দৃশ্যটি দেখাতে। টেন স্পোর্টসের প্রোডাকশন টিমের সঙ্গে লঙ্কান বোর্ডের এক কর্মকর্তার আলোচনার পরমিনিট বিশেকের ভেতর দৃশ্যটি সম্প্রচার করা হয়।
ম্যাচ রেফারি তাৎক্ষণিকভাবে মাঠের আম্পায়ারদের জানাননি বলেও প্রশ্ন উঠছে। ফিল্যান্ডার যে বলে টেম্পারিং করেছেন, সেই বলেই তৃতীয় দিনের শেষ সেশনে বোলিং করেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস জানাতে ভুল করেননি, ‘তৃতীয় দিনের শেষ সেশনে বল তুলনামূলকভাবে অনেকটা বেশি রিভার্স সুইং করেছিল।’ সমস্যা হলো, ম্যাচ রেফারি টেম্পারিংয়ের কথা জানতে পারলেও খেলা চলাকালে মাঠের আম্পায়ারদের ফুটেজ দেখানোর নিয়ম নেই তাঁর। সেটা যিনি পারেন, সেই থার্ড আম্পায়ার আবার ঘটনাটা জানতেনই না। টিভিতে দেখানো হয়নি বলে দৃশ্যটি দেখতে পারেননি তিনিও।
শ্রীলঙ্কান বোর্ড, টিম ম্যানেজমেন্ট বা দল থেকে অবশ্য ব্যাপারটি নিয়ে খুব উচ্চবাচ্য করা হয়নি। অধিনায়ক ম্যাথুসকে জিজ্ঞাসা করা হলেও ‘আম্পায়ারদের আরও সতর্ক হওয়া উচিত’ ধরনের প্রথাগত কথাবার্তা বলে এড়িয়ে গেছেন। নানাভাবে জিজ্ঞেস করেও বিতর্কে টেনে আনা যায়নি তাঁকে। ফুটেজ না দেখানোর চাপ দেওয়া নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
টেন স্পোর্টসের ক্যামেরায় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের টেম্পারিং ধরা পড়া এবারই প্রথম নয়। গত অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টে ট্রাউজারের জিপারে বল ঘষে ধরা পড়েছিলেন ফাফ ডু প্লেসি। টিভিতে সরাসরি সম্প্রচারিত হওয়ায় টিভি আম্পায়ার জানিয়েছিলেন মাঠের আম্পায়ারদের। আম্পায়াররা তখনই ৫ রান পেনাল্টি দিয়েছিলেন, পরে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয় ডু প্লেসিকে। এএফপি, ক্রিকইনফো।