টেম্পারিংয়ের অভিযোগ অতঃপর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন। ক্যারিয়ার সেরা বোলিংয়ে হয়েছেন ম্যাচ-সেরা। তবু ঠিক স্বস্তিতে নেই পিটার সিডল। হোবার্টের নায়কের বিরুদ্ধেই যে উঠেছে বল টেম্পারিংয়ের অভিযোগ!বিতর্কের সূত্রপাত ভিডিও ফুটেজ থেকে। টেস্টের তৃতীয় দিন, শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৮৮তম ওভার বোলিং করেছিলেন পিটার সিডল। ওই ওভারেই টিভিতে একটা ফুটেজ দেখানো হয়, যেটা দেখে মনে হয়েছে, সিডল নখ দিয়ে বলের সিম খোঁটানোর চেষ্টা করছেন। ঘটনা ওই ওভারেরই নাকি অন্য কোনো ওভারের, সেটা অবশ্য জানা যায়নি।ভিডিও দেখে নড়েচড়ে বসে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। ম্যানেজার চারিথ সেনানায়েকে ‘অনানুষ্ঠানিক’ অভিযোগ জানান ম্যাচ রেফারির কাছে। তবে বলের অবস্থা পরিবর্তন হওয়ার কোনো প্রমাণ না পেয়ে এবং আম্পায়ারদের কাছ থেকে অভিযোগ আসেনি বলে সিডলকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। সিডল নিজেও অভিযোগ উড়িয়ে দিয়েছেন।টিভি ফুটেজ থেকে নেওয়া একটা ছবি সোমবার লঙ্কান পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার পর হইচই শুরু। সিডলের বিরুদ্ধে অভিযোগ আরেকটু জোরালো করেছে ওই ছবি। সরাসরি অভিয়োগ না করে লঙ্কান ম্যানেজার বল ঠেলে দিলেন ম্যাচ রেফারির কোর্টে, ‘ফুটেজটা আমাদের কাছে আছে। আমরা রেকর্ড করেছি ম্যাচটা, সবাই সেটা দেখতে পারে। আমরা অবৈধ কিছু একটা দেখেছি এবং এ অনুযায়ীই পদক্ষেপ নিয়েছি। ম্যাচ রেফারির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে আমার। এখন ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তাদের। যদি কোনো কিছুই না হয়, ব্যাপারটাকে আমরা আরও টেনে নিয়ে যাব।’কাল ম্যাচ শেষে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের কণ্ঠেও শোনা গেল একই কথা, ‘আমাদের টিম ম্যানেজমেন্ট কিন্তু বল টেম্পারিংয়ের ব্যাপারটা সামনে আনেনি। টিভিতেই ব্যাপারটা দেখা গেছে। টিভি ক্রুরা যখন জুম করে এবং থামিয়ে এটা দেখিয়েছে, নিশ্চয়ই মজার কিছু ওরা দেখেছে! আমাদের টিম ম্যানেজমেন্ট স্রেফ নিশ্চিত করতে চেয়েছে, আমরা যা দেখেছি তা অফিশিয়ালরাও দেখুক। কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানাইনি আমরা। কিছু ঘটতে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দায়িত্ব অফিশিয়ালদের। আর না হলে নেই, আমরা সামনে এগিয়ে যাব।’তবে ‘কোনো কিছু ঘটার’ প্রমাণ পাননি ম্যাচ রেফারি। ক্রিস ব্রড তাই অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন সিডলকে, ‘খেলার সময় আম্পায়াররা নিয়মিত বল পরীক্ষা করেন। রোববার ওই ভিডিও ফুটেজ দেখার পর বলের অবস্থা পরিবর্তনের কোনো প্রমাণ তাঁরা পাননি।’ সিডল নিজে অবিচল, কোনো অন্যায় করেননি, ‘১৫টা ক্যামেরা আর এত এত লোকের সামনে এমন কিছু একটা করে পার পেয়ে যাব, আমি কি এতই বোকা! হাস্যকর অভিযোগ। আমি জানি যে খেলার চেতনা ধরে রেখেই জিততে পারি। তাহলে কেন অযথাই গোলমাল পাকাতে যাব!’ ওয়েবসাইট।