টেম্পারিংয়ের বৈধতা চান লসনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান-সাবেক মিলিয়ে অনেকেই আকারে-ইঙ্গিতে দাবিটা তুলেছেন। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতারের মতো কেউ কেউ দাবিটা তুলেছেন প্রকাশ্যেই। এবার কণ্ঠে একই স্লোগান নিয়ে মিছিলে শামিল জিওফ লসন। বল টেম্পারিংয়ের বৈধতা চান অস্ট্রেলিয়ার সাবেক পেসারও। যুক্তিটাও এক। ব্যাটসম্যান-বোলারদের লড়াইয়ে কিছুটা ভারসাম্য ফিরিয়ে আনা!অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার হোবার্ট টেস্টের একটি ভিডিও ফুটেজের সূত্রে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে পিটার সিডলের বিরুদ্ধে। পরে প্রমাণ না পেয়ে সিডলকে অভিযোগ থেকে মুক্তি দেন ম্যাচ রেফারি। তবে এ ঘটনায় আবারও আলোচনায় বল টেম্পারিং। পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার তো আবার বলেছেন, ‘টেম্পারিং আছে, ছিল ও থাকবে। এর বৈধতা দিয়ে দেওয়াই ভালো।’যে ভিডিও ফুটেজের সূত্রে সিডলের বিপক্ষে অভিযোগ, সেটা দেখে আপত্তিকর কিছু খুঁজে পাননি লসন। তবে পেলেও নাকি অবাক হতেন না। ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্যের স্বার্থে বল টেম্পারিংয়ের বৈধতার বিকল্প দেখছেন না ১৬ টেস্টে ১৮০ উইকেট নেওয়া পেসার, ‘ক্রিকেট বলে যদি খোঁচাখুঁচি করতে না দেওয়া হয়, তাহলে ব্যাটের একটা নির্দিষ্ট মানদণ্ড ঠিক করে দেওয়া উচিত। সিডনি ক্রিকেট মাঠের জাদুঘরে যে বলটি রাখা আছে, এখনকার বলের সঙ্গে সেটার কোনো পার্থক্য খুঁজে পাবেন না। বল সেই একই রকম আছে। কিন্তু ব্যাটের দিকে তাকিয়ে দেখুন। আমাদের সময় ব্যাট ছিল ঝাড়ুর মতো, এখন একেকটি ব্যাট যেন বাজুকা (ট্যাংক বিধ্বংসী অস্ত্র)। এই বৈষম্যই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার।’ক্রিকেটের আইন অনুযায়ী কেবল বলের ঔজ্জ্বল্য ফেরাতে ঘষামাজা করা যায়, সেটাও শুধু কাপড় দিয়ে এবং আম্পায়ারের তত্ত্বাবধানে। কিন্তু কৃত্রিম কিছু ব্যবহার করা কিংবা কোনোভাবে বলের অবস্থা পরিবর্তনের মতো কিছু করা অবৈধ। বড় ধরনের কোনো টেম্পারিং চান না লসনও। তবে সাবেক পাকিস্তান কোচের চাওয়া, ব্যাটসম্যানবান্ধব সব আইনের এই যুগে বোলারদের হাতে অন্তত কিছু একটা অস্ত্র তুলে দেওয়া হোক, ‘আমি বিশ্বাস করি না খোঁচাখুঁচি করে বলের বারোটা বাজাতে দেওয়া হোক, কিন্তু কিছু একটা করতে দেওয়া উচিত। আঙুলের নখ দিয়ে যা ইচ্ছা করতে দেওয়া উচিত। বল যদি সুইং করে, সেটা খেলাটার জন্যই ভালো। কারণ ব্যাটসম্যানরা এখন খুব বেশি বাড়তি সুবিধা পায়।’ ওয়েবসাইট।