টেরি আবার অধিনায়ক
আবারও বাহুবন্ধনী ফিরে পেলেন জন টেরি। ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবে তাঁকে ফিরিয়ে এনেছেন কোচ ফ্যাবিও ক্যাপেলো। ২৬ মার্চ ইউরো বাছাইপর্বে ওয়েলসের বিপক্ষে অধিনায়ক হিসেবে দেখা যাবে চেলসির এই ডিফেন্ডারকে।গত বছরের শুরুর দিকে ইংলিশ মিডিয়া ফাঁস করে দেয়, টেরি তাঁর স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন। সতীর্থ ওয়েইন ব্রিজের সাবেক বান্ধবীর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। এই নৈতিক স্খলনের শাস্তি হিসেবেই ক্যাপেলো অধিনায়কের পদ থেকে সরিয়ে দেন টেরিকে। শাস্তিটা এক বছরের জন্য যথেষ্ট মনে করছেন ইংল্যান্ডের ইতালিয়ান কোচ। টেরিকে স্বপদে ফিরিয়ে আনার কথা জানিয়ে বলেছেন, ‘সে একজন নেতা। একজন নেতা ভুল করতেই পারে। শুধু তাকেই নয়, এ কথা আপনাদের সবার জন্যই। আমি মনে করি, এক বছরের শাস্তিটা যথেষ্টই হয়েছে।’অধিনায়ক হিসেবে দলে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠায় টেরিকে খুব একটা বেগ পেতে হবে বলে মনে হচ্ছে না। ওয়েইন রুনি তো আগেই স্বাগত জানিয়েছেন। রুনির এই স্বাগত জানানোর মাহাত্ম্য হলো, ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তাঁর বাহুতেই বাহুবন্ধনীটা উঠবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু রুনি নিজে বলছেন, ইংল্যান্ডের মতো বড় একটা দলের নেতৃত্বভার নেওয়ার জন্য এখনো তিনি যথেষ্ট পরিণত হননি। ওয়েবসাইট।