টেরি বর্ণবাদী নন: মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন টেরির বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে চেলসি অধিনায়ককে চার ম্যাচ নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। একই সঙ্গে জরিমানা করা হয়েছে দুই লাখ ২০ হাজার পাউন্ড অর্থাত্ দুই কোটি ৯২ লাখ টাকা। তবে চেলসির সাবেক ম্যানেজার হোসে মরিনহোর দাবি, এফএর এই রায়ের অর্থ এই নয় যে টেরি বর্ণবাদী।‘টেরি বর্ণবাদী নন। কথাটা শতভাগ ঠিক। আমার দলে ১২ জন আফ্রিকান খেলোয়াড় ছিলেন। সবার মধ্যেই সুসম্পর্ক ছিল। সেখানে টেরির আচরণ ছিল অসাধারণ।’ সিএনএনকে বলেছেন মরিনহো।‘স্পেশাল ওয়ান’ বলেন, ‘ফুটবল ম্যাচে এমনটি ঘটতেই পারে। কারণ ফুটবল শুধুই একটা খেলা নয়, এর চেয়েও বেশি কিছু। খেলোয়াড়েরা অনেক সময় এমন আচরণ করে থাকে, যা তাদের সত্যিকারের আচরণ নয়।’২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত চেলসির দায়িত্বে ছিলেন মরিনহো। সাবেক অধিনায়ক টেরির সম্পর্কে তাই বেশ জানাশোনা আছে তাঁর। সেই অভিজ্ঞতা থেকে মরিনহো বলেছেন, ‘ড্রেসিং রুমে কখনোই আমি ওর মধ্যে বর্ণবাদী মনোভাব দেখিনি। টেরি সম্ভবত প্রতিপক্ষ খেলোয়াড়কে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন বা এ ধরনের আচরণ করেছেন। ফুটবলে ভুলভাবে এটি হয়ে থাকে। এমনটি করে থাকলে ওর অবশ্যই শাস্তি পাওয়া উচিত। তবে দয়া করে কেউ ওকে বর্ণবাদী বলবেন না। দ্রগবা, ম্যাকেলেলে...সবাই বলবে, টেরি বর্ণবাদী নয়।’পাঁচ দিন আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন টেরি। কুইন্স পার্ক রেঞ্জার্স (কিউপিআর) ডিফেন্ডার অ্যান্টন ফার্ডিনান্ডকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগে এর পরের দিনই শুনানি শুরু হয় চেলসি অধিনায়কের। শুনানিতে তিনি দোষী সাব্যস্ত হন। শাস্তি হিসেবে টেরিকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ ও জরিমানা করা হলেও এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ অবশ্য রয়েছে। এ ক্ষেত্রে আপিল করতে হবে ১৪ দিনের মধ্যে। সূত্র: ইএসপিএন-স্টার।