টেরি হতে চান না ডেমিকেলিস
মার্টিন ডেমিকেলিসের আজ একটা বড় পরীক্ষা। পরীক্ষার নাম ক্লোসা-মুলার-পোডলস্কি। হ্যাঁ, জার্মানির ফরোয়ার্ডদের ঠেকানোর বড় দায়িত্বই আজ থাকছে আর্জেন্টাইন এই ডিফেন্ডারের কাঁধে। এটা তো জানাই, কিন্তু ডেমিকেলিস ম্যাচের আগেই বলে রেখেছেন আর যা-ই হোক, তিনি ‘জন টেরি’ হতে চান না।দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একটা গোল খেয়েছিল। ওই গোলে দায় ছিল ডেমিকেলিসের। এ নিয়ে তিনি আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তোপের মুখে পড়ে যান। প্রসঙ্গক্রমে চলে আসছে গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালের কথাও। বায়ার্নের হজম করা দুটি গোলের একটিতে দায় ছিল ডেমিকেলিসের। বিশ্বকাপেও অমন ভুলের পর তোপের মুখে পড়বেন, এটি তো স্বাভাবিকই।তবে সমালোচনা তেমন গুরুত্ব দিচ্ছেন না ডেমিকেলিস। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কথাই জানাচ্ছেন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার, ‘আমি জানি, খারাপ সময় আমি পার করতে পারব। গ্রিসের বিপক্ষে গোল করে সেটি আমি দেখিয়েছিও।’এটুকু বলেই থামছেন না, বলছেন আরও, ‘সমালোচনা আমাকে সঠিক নির্দেশনা দেবে। এই অবস্থা থেকে আমি বেরিয়ে আসতে পারব জানি। স্ট্রাইকাররা যেমন পুরো আত্মবিশ্বাস নিয়ে এই ব্যাপারগুলো সামলাতে পারে, আমার ব্যাপারটা আসলে তেমন নয়।’ বলতে বলতে ডেমিকেলিসের মনে পড়ল জন টেরির কথা। জার্মানির কাছে ইংল্যান্ড ১-৪ গোলে বিধ্বস্ত হলো, বিশ্বসেরা ডিফেন্ডারদের একজন জন টেরি কিছুই করতে পারলেন না। রক্ষণের নেতা হিসেবে একটা দায় তো আছেই, টেরি নিজেও ছিলেন নিজের ছায়া হয়ে। ডেমিকেলিস তাই সতর্ক, ‘টেরির যে রকম অবস্থা হয়েছিল, তেমনটা আমার হলে আমি দেশেই ফিরতে পারব না।’ বোঝাই যাচ্ছে আজ খুবই সতর্ক হয়ে নামছেন।দুদলের টানা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে জার্মানি শুরু করেছে কথার লড়াই। বায়ার্ন মিউনিখে ডেমিকেলিসের সতীর্থ শোয়েনস্টাইগার এই ম্যাচ নিয়ে বলেছেন, ‘আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ মারমুখী ছিল চার বছর আগে। এখনো তেমনই আছে!’ ডেমিকেলিস অবশ্য লড়াই বাড়াতে চাইলেন না, ‘আমি এ নিয়ে কিছু বলতে চাই না। আমাদের উত্তরটা দিতে হবে মাঠেই। সেটিই হবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’বুন্দেসলিগায় খেলার সুবাদে জার্মানদের সম্পর্কে ভালো ধারণা আছে ডেমিকেলিসের। কোচ ম্যারাডোনাকে নাকি সেসব জানিয়েছেনও তিনি, ‘মুলার, পোডলস্কি, ওজিলের মতো দারুণ দ্রুতগতির ফুটবলার আছে ওদের। কাউন্টার অ্যাটাকে ওরা বিপজ্জনক। বিশ্বকাপে ওরা খেলছেও দুর্দান্ত। আমি ওদের সম্পর্কে যা জানি, তার সবই ম্যারাডোনাকে বলেছি।’ দেখা যাক, ডেমিকেলিসের দেওয়া তথ্য আজ কতটা কাজে দেয়।