টেরির কারণে দলে নেই ফার্দিনান্দ!
নতুন ইংলিশ কোচ রয় হজসনের তাঁর ওপর যে আস্থা নেই, সেটা আগেই জেনেছিলেন রিও ফার্দিনান্দ। কিন্তু ইনজুরিতে আক্রান্ত হয়ে গ্যারি ক্যাহিল দল থেকে বাদ পড়ার পরও হজসন তাঁর দিকে ফিরে না তাকানোয় যথেষ্ট দুঃখিত ম্যানচেস্টার ইউনাইটেডের এই অভিজ্ঞ রক্ষণ-সেনা। অভিজ্ঞজনেরা বলছেন, ফুটবলীয় কারণে ফার্দিনান্দকে বাদ দেননি হজসন। তাঁর বাদ পড়ার মূল কারণ জন টেরি।হজসন অবশ্য ফার্দিনান্দের বাদ পড়াকে অন্যমাত্রা দেওয়ার ঘোরবিরোধী। তিনি বলেছেন, ফার্দিনান্দকে দলে না নেওয়ার কারণ সম্পূর্ণ ‘ফুটবলীয়’। কিন্তু আসল কথা হচ্ছে, ড্রেসিংরুমের পরিবেশ রক্ষার জন্যই নাকি ফার্দিনান্দকে দলে নেননি ইংলিশ কোচ।জন টেরির সঙ্গে রিও ফার্দিনান্দের সম্পর্কটা যে খুব একটা ভালো না, সেটা জানেন বোঝেন অনেকেই। এই তো কিছুদিন আগেই টেরি ফার্দিনান্দের ভাই অ্যান্টোনের সঙ্গে বর্ণবাদী বচসায় জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এ জন্য টেরিকে আগামী জুলাই মাসে বিচারেরও মুখোমুখি হতে হবে। এর মধ্যে ফার্দিনান্দ ও টেরিকে এক ড্রেসিংরুমে এনে বিবাদটা আর বাড়াতে চাননি ইংল্যান্ডের কোচ রয় হজসন।নিজের টুইটার বার্তায়ও ফার্দিনান্দ তাঁর ক্ষোভ চেপে রাখতে পারেননি। তিনি সবার সামনে প্রশ্ন রেখেছেন, কিসের ভিত্তিতে হজসন তাঁকে দল থেকে বাদ দিলেন। ফার্দিনান্দের দীর্ঘদিনের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার জেমি মোরালি ফার্দিনান্দের দল থেকে বাদ পড়া নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ফার্দিনান্দের প্রতি কোচ হজসনের অসম্মানজনক মনোভাবের কারণেই সে দলে নেই।ফার্দিনান্দের প্রতি হজসনের অবহেলাকে নানাভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তবে ক্ষোভ সত্ত্বেও ব্যাপারটি নিয়ে আর বেশি দূর এগোতে চান না ফার্দিনান্দ। তিনি বলেছেন, ‘আমার সঙ্গে যা-ই হয়েছে, সব ভুলে আমি ইউরোয় আমার দেশের জন্য গলা ফাটাতে চাই। তিনি তাঁর সাবেক সতীর্থদের প্রতিও শুভ কামনা ও ভালোবাসা ছড়িয়ে দিতে চান। ফার্দিনান্দ মনে-প্রাণেই চান ইউরোয় ইংল্যান্ড ভালো করুক। ওয়েবসাইট।