টেরির ঘরেও মেসির হানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো বিপদেই পড়েছেন জন টেরি। লিওনেল মেসিকে কীভাবে আটকাবেন চেলসির রক্ষণ সেনাপতি সেটি তো ভাবছেনই, সঙ্গে যোগ হয়েছে নিজের ঘর সামলানোর ভাবনা। ১৮ এপ্রিল স্টামফোর্ড ব্রিজে মেসিকে সামলাতে কোনো গড়বড় হলে বড্ড ঝামেলা হয়ে যাবে খোদ টেরির বাড়িতেই। টেরির দুই সন্তান জর্জি জন ও সামার রোজ মেসির মহাভক্ত। সেমিফাইনালে বাবার দলকে সমর্থন করবে না প্রিয় তারকার দলকে, এটা এখনো ঠিক করে উঠতে পারেনি দুই যমজ ভাইবোন। তবে সাফ জানিয়ে দিয়েছে, মাঠে চার্জ করতে গিয়ে মেসিকে আঘাত করলে বাবাকে ছেড়ে কথা বলবে না মোটেও!ছয় ছুঁই-ছুঁই দুই ভাইবোন এমনিতে বাবা বলতে পাগল। কিন্তু পাগল ভক্ত আবার মেসিরও। দুজনেরই আছে মেসির জার্সি। ‘শত্রুর’ প্রতি সন্তানদের ভালোবাসার কথা অকপটেই জানিয়েছেন চেলসির অধিনায়ক, ‘আমার সন্তানেরা ওকে দারুণ পছন্দ করে। মেসির নামাঙ্কিত বার্সার জার্সি আছে দুজনেরই। বার্সার বিপক্ষে একটি ম্যাচের পর আমি মেসির সঙ্গে জার্সি বদল করেছিলাম, ওরা তখন অত্যন্ত খুশি হয়েছিল।’টেরি সন্তানদের এমন মেসি-প্রীতি অবশ্য বিস্ময়কর কিছু নয়। পুরো বিশ্বই তো খুদে জাদুকরের জাদুতে মোহাবিষ্ট! টেরিও মেসির ভক্ত। মেসির সঙ্গে লড়াই মানে নিজের মানটাকে যাচাই করে নেওয়ারও সুযোগ, ‘আমার কাছে ব্যাপারটা পরিষ্কার, ও সর্বকালের সেরা। অসাধারণ এক ফুটবলার, মানুষ হিসেবেও অসাধারণ। আমার দৃষ্টিতে, ওর আছে সবকিছু। ওর বিপক্ষে ম্যাচ শেষে যখন পেছন ফিরে তাকাব, বুঝতে পারব সেরার সঙ্গে লড়াইয়ে নিজে কোথায় আছি।’চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে দুই দলের সর্বশেষ লড়াই চেলসির জন্য তিক্ত এক অভিজ্ঞতা হয়ে আছে। ২০০৮-০৯ চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগে গোলশূন্য ড্র হয়েছিল ন্যু ক্যাম্পে। স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগ ১-১ গোলে ড্র করে অ্যাওয়ে গোলের সৌজন্যে ফাইনালে উঠেছিল বার্সা। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে মহামূল্যবান অ্যাওয়ে গোলটি করেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। অনেক বিতর্ক হয়েছিল ওই ম্যাচ নিয়ে। চেলসির দাবি ছিল, বেশ কয়েকটি নিশ্চিত পেনাল্টি দেননি রেফারি। এ নিয়ে তখন কথার লড়াইও চলেছিল বেশ কিছুদিন। এবার সেমিফাইনাল লাইনআপ ঠিক হওয়ার পর চেলসির ভারপ্রাপ্ত কোচ রবার্তো ডি মাত্তেও সরাসরিই বলেছেন, এবারের সেমিফাইনাল হবে চেলসির প্রতিশোধ-মিশন।টেরি অবশ্য প্রতিশোধতত্ত্বে খুব একটা বিশ্বাসী নন। খুব ভালো করেই জানেন, বার্সাকে থামানো সহজ হবে না। তবে হাল ছাড়লে তো চলবে না! টেরিকে আত্মবিশ্বাস জোগাচ্ছে চ্যাম্পিয়নস লিগে নিজেদের ফর্ম। ফাইনাল তো বটেই, টেরির চোখ ট্রফিতে, ‘দেখুন, কাজটা হবে খুব কঠিন। অসাধারণ সব ফুটবলার নিয়ে দারুণ এক দল ওদের। তবে আমরাও ভালো দল, গত দু-তিন মাসে প্রমাণ করেছি, আমরাও কারও চেয়ে কম যাই না। এখন পর্যন্ত আমরা যা করেছি, অনেকের কাছে এটাও ছিল অপ্রত্যাশিত। তবে আমার কাছে শিরোপা জয়টাই আসল, যা এখনো আমরা পারিনি। এটাই আমাদের লক্ষ্য, আমাদের স্বপ্ন। রোমান আব্রামোভিচ আসার পর থেকেই এটাই সবার লক্ষ্য।’ ওয়েবসাইট।