টেরির ছায়া লন্ডন ডার্বিতেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের দুই ক্লাব চেলসি ও আর্সেনালের দ্বৈরথ সব সময়ই একটা আলাদা উত্তাপ ছড়ায়। আর্সেনালের মাঠে মুখোমুখি হওয়ার আগে এবার চেলসি কি একটু কোণঠাসা? হতেই পারে, চেলসি অধিনায়ক জন টেরির মাথার ওপর যে ঝুলছে নিষেধাজ্ঞার খড়্গ! বর্ণবাদী মন্তব্য করার দায়ে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। তবে আপিল করার সুযোগ আছে বলে আজকের ম্যাচটি খেলতে পারছেন। রক্ষণে টেরিই এখনো রবার্তো ডি মাত্তেওর বড় ভরসা, আজ তাই অধিনায়কের দিকেই তাকিয়ে থাকবেন কোচ।আর্সেন ওয়েঙ্গার এই ম্যাচটাকে দেখছেন শিরোপার দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে, ‘আমরা পাঁচটা ম্যাচ খেলেছি। তিনটি ঘরের বাইরে স্টোক, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। আর বড় দলগুলোর বিপক্ষে ভালো খেললে লিগে আমাদের সম্ভাবনাটা প্রভাবিত হবে।’ তবে টেরিকে সমীহই করছেন আর্সেনাল কোচ, ‘বড় খেলায় টেরির অভিজ্ঞতা অনেক। নেতৃত্বগুণও তার আছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ।’ রক্ষণের অন্যতম স্তম্ভ টমাস ভারমিলেন চোট কাটিয়ে ফিরেছেন দলে। ফন পার্সির অভাবটাও পোডলস্কি, কাজোরলারা টের পেতে দিচ্ছেন না সেভাবে। ওয়েঙ্গার তাই ঘরের মাঠে একটা জয় খুব করেই চাইবেন। সবচেয়ে বড় স্বস্তি, সাম্প্রতিক বছরগুলোয় আর্সেনালের মূল হন্তারক দিদিয়ের দ্রগবাও নেই প্রতিপক্ষ শিবিরে। আর যা-ই হোক, ‘দ্রগবা-জুজু’ না থাকায় গানারদের আশার পালে আরও কিছুটা হাওয়া লাগবে নিশ্চিতভাবেই। ফর্মে থাকা চেলসি আছে পয়েন্ট তালিকার শীর্ষেই, তবে এই প্রথম বড় দলের মুখোমুখি তারা এবারের লিগে। এএফপি।