টেরির পাশে ডি মাত্তেও
সময়টা বড্ড খারাপ যাচ্ছে। অনেক জলঘোলার পর বর্ণবাদের অভিযোগে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন চেলসি ডিফেন্ডার। চেলসিতে অধিনায়ক থাকবেন কি থাকবেন না, সেটা নিয়েও তৈরি হয়েছিল ধোঁয়াশা। এখন অবশ্য আর কোনো সংশয় নেই। স্বয়ং চেলসি কোচ রবার্তো ডি মাত্তেও শিষ্যের পাশে এসে দাঁড়িয়েছেন।এখন খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারবেন জন টেরি। অবশ্য নিষেধাজ্ঞাটা শুধু প্রিমিয়ার লিগের জন্যই, রাতেই চ্যাম্পিয়নস লিগে শাখতারের বিপক্ষে মাঠে নামার কথা টেরির। এবং সেটা চেলসি অধিনায়ক হিসেবেই। এই ম্যাচে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে বিশেষ আর্মব্যান্ড পরার কথা সবার। টেরিও আর সবার মতো শামিল হবেন এই প্রতিবাদে। অথচ বর্ণবাদের অভিযোগে এখন তো সাজাই ভোগ করছেন টেরি।মাত্তেও গতকালের ম্যাচের আগেও শিষ্যের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন, ‘সে অনুভব করেছে, সে যা বলেছিল সেটা ঠিক নয়। সে সেটার জন্য ক্ষমাও চেয়েছে এবং ভবিষ্যতে ভালো পারফরম্যান্স ও ভালো ব্যবহার দিয়ে সে আবার আমাদের নেতা হয়ে উঠবে।’ টেরির সামর্থ্য নিয়ে কখনোই সন্দেহ ছিল না ডি মাত্তেওর মনে, ‘তাকে দলে নেওয়ার ব্যাপারে আমি কখনোই দুবার ভাবিনি। সে খেলার ওপর মনোযোগটা ধরে রাখতে পেরেছে।’ কারণটাও ব্যাখ্যা করেছেন এই ইতালিয়ান, ‘খেলোয়াড়দের জন্য স্বাভাবিক ব্যাপার হলো, তাদের পারিবারিক সমস্যা অথবা ব্যক্তিগত জীবনের কোনো সমস্যা থাকলে তারা ফুটবলে আরও বেশি মনযোগ দিতে পারে। এটা তাদের সাহায্যই করে।’চেলসি কি পারবে কোচের আস্থার প্রতিদান দিতে? দর্শকদের অবশ্য গত রাতেই উত্তরটা পেয়ে যাওয়ার কথা। ওয়েবসাইট।