টেরির প্রতি মাত্তেওর সহানুভূতি
চেলসি কোচ রবার্তো ডি মাত্তেও বর্ণবাদী আচরণের অভিযোগে বহিষ্কৃত জন টেরিকে আরও একটি সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ডি মাত্তেওর মতে, দ্বিতীয় সুযোগ পাওয়া প্রত্যেক মানুষেরই অধিকারের পর্যায়ে পড়ে। গত বছরের অক্টোবরে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের ডিফেন্ডার অ্যান্টোন ফার্দিনান্দকে বর্ণবাদী মন্তব্য করায় চেলসি অধিনায়ক জন টেরিকে চার ম্যাচের জন্য বহিষ্কার করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও গত জুলাই মাসে এই অভিযোগে লন্ডনের একটি আদালত তাঁকে নির্দোষ ঘোষণা করেছিলেন।চেলসি কোচ রবার্তো ডি মাত্তেও এ ব্যাপারে কোনো মন্তব্য না করে বলেন, ‘মানুষের ভুল হতেই পারে। কেউই ভুলের ঊর্ধ্বে নয়। আমি, আপনি—আমরা সবাই জীবনে কোনো না কোনো ভুল করেছি। আমার মনে হয়, টেরিকে আরও একটি সুযোগ দেওয়া যেতই। দ্বিতীয় একটি সুযোগ পাওয়া মানুষের জন্মগত অধিকারের পর্যায়েই পড়ে।’কিন্তু চিরবিতর্কিত সাবেক এই ইংলিশ অধিনায়ক বারবারই কেন বিতর্কের কেন্দ্রে অবস্থান করছেন, এ প্রশ্নের কোনো সরাসরি উত্তর দেননি ডি মাত্তেও। বরং তিনি ইতালির বিতর্কিত স্ট্রাইকার মারিও বালোতেল্লির গায়ে চড়া একটি টি-শার্টে লেখা বাণী সাংবাদিকদের স্মরণ করিয়ে দেন। বিভিন্ন বিতর্কে জর্জরিত হয়ে বালোতেল্লি একবার একটি টি-শার্ট পরেছিলেন, যেখানে লেখা ছিল, ‘আমিই কেন বারবার ফাঁসব?’বালোতেল্লির টি-শার্টের বাণী স্মরণ করিয়ে দিয়ে হেসে ডি মাত্তেও বলেন, ‘এই প্রশ্নটা আপনারা টেরিকে করলেই বোধ হয় আসল উত্তরটা পেয়ে যাবেন।’জন টেরি কোচ ডি মাত্তেওর কাছ থেকে সহানুভূতি পেলেও, এ ব্যাপারে কোনো সহানুভূতি পাচ্ছেন না তাঁর ক্লাব চেলসির কাছ থেকে। বর্ণবাদ বা এ-সংক্রান্ত যেকোনো ব্যাপারেই চেলসি সব সময়ই নিজেদের ‘জিরো টলারেন্স’ ব্যক্ত করে এসেছে। জন টেরির ব্যাপারেও এর কোনো ব্যত্যয় ঘটবে না বলেই মনে করা হচ্ছে। ইংলিশ ফুটবল ফেডারেশন আপাতত তাঁকে চার ম্যাচের বহিষ্কারাদেশ দিলেও তাঁর ক্লাব চেলসি ও জন টেরি কেউই সেই বহিষ্কারাদেশের লিখিত কপি হাতে পাননি। এ ব্যাপারে ডি মাত্তেও বলেন, চেলসির খেলোয়াড়দের একটি আচরণবিধি মেনে চলতে হয়। সেখানেই বর্ণবাদের বিষয়টি স্পষ্টভাবে লেখা আছে। ক্লাব হিসেবে চেলসি বাইরের জগতের কাছে সুন্দর উদাহরণই তৈরি করতে চায়। ইএসপিএন।