টেরির ‘হঠাৎ অবসর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত ‘নির্দোষ’ ছাড়পত্র দিলেও বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পাননি। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) নতুন করে অভিযোগ গঠন করেছে। এর শুনানির জন্য গতকালই তাঁর এফএর মুখোমুখি হওয়ার কথা। জন টেরি এফএর কাঠগড়ায় দাঁড়ানোর আগে আচমকা এক ঘোষণায় সবাইকে চমকে দিলেন। পরশু দীর্ঘ এবং বিতর্কিত আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলে দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। টেরি বিবৃতিতে জানিয়েছেন, ‘আজ আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করছি। আমি ইংল্যান্ডের ম্যানেজারদের (কোচ) ধন্যবাদ দিতে চাই, যাঁরা আমাকে ৭৮টি ম্যাচে নির্বাচন করেছিলেন।’ চেলসির অধিনায়ক ধন্যবাদ জানিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের সতীর্থ, সমর্থক ও পরিবারকে, ‘যাদের সঙ্গে খেলেছি, সেসব খেলোয়াড়ের সঙ্গে সম্মানটা ভাগাভাগি করে নেওয়াটা ছিল খুবই আনন্দের। তাদের, সমর্থকদের এবং আমার পরিবারকে ধন্যবাদ দিতে চাই, যাদের সমর্থন ক্যারিয়ারজুড়েই আমাকে অনুপ্রাণিত করেছে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা এবং নেতৃত্ব দেওয়ার স্বপ্নটা আমার ছোটবেলা থেকেই ছিল। সত্যিই এটা ছিল দারুণ সম্মানের। আমি সব সময়ই নিজেকে উজাড় করে দিয়েছি। এ সিদ্ধান্তটা ছিল হূদয়বিদারক।’বর্ণবাদ বিতর্কই যে এই ‘হঠাৎ অবসরের’ কারণ, টেরিই সেটি নিশ্চিত করেছেন। বলেছেন, এফএ নতুন করে অভিযোগ আনায় জাতীয় দলে তাঁর জায়গাটা অনিশ্চিত। গত বছরের অক্টোবরে চেলসি অধিনায়কের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনেন কুইন্স পার্ক রেঞ্জার্সের ডিফেন্ডার অ্যান্টন ফার্ডিনান্ড, যিনি তাঁর জাতীয় দল সতীর্থ রিও ফার্ডিনান্ডের ছোট ভাই। পরে বিষয়টি আদালতে গড়ালে গত জুলাই মাসে আদালতেও টেরি নির্দোষ ঘোষিত হন। কিন্তু এ রায় সত্ত্বেও এফএ নতুন করে তদন্তে নেমেছে। টেরির ভয়, এফএ তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করবে। আর সেটা হলে নেমে আসতে পারে দীর্ঘ নিষেধাজ্ঞার খড়্গও। তবে কি এফএ বাধ্য করেছে টেরিকে অবসরে যেতে? এফএ অবশ্য দাবি করেছে টেরিকে অবসরের চাপ দেওয়া হয়নি। এফএর মহাসচিব অ্যালেক্স হর্ন বরং বলছেন, টেরির অবসরের সিদ্ধান্তে তাঁরা বিভ্রান্ত। তাঁর দাবি, টেরির বর্ণবাদের অভিযোগটি সম্পূর্ণ আলাদা বিষয়। ২০০৩ সালে অভিষেক। খেলেছেন দুটি ইউরো (২০০৪ ও ২০১২) এবং দুটি বিশ্বকাপ (২০০৬ ও ২০১০)। অভিষেকের তিন বছরের মাথায় পেয়ে যান অধিনায়কত্ব। ২০০৬ বিশ্বকাপের পর ডেভিড বেকহামের উত্তরসূরি হিসেবে টেরিকে অধিনায়ক করেন তৎকালীন কোচ স্টিভ ম্যাকক্লারেন। কিন্তু তাঁর অধিনায়কত্ব পর্বটা বিতর্কমুক্ত ছিল না। নৈশক্লাবে ঝগড়া, নাইন-ইলেভেনের পর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মদ্যপান করে জরিমানা গুনেছেন। তাঁর সাবেক ক্লাব সতীর্থ ওয়েইন ব্রিজের সাবেক বান্ধবী ভ্যানেসা পেরোনসেলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ানোয় ২০১০ সালে তৎকালীন কোচ ফ্যাবিও ক্যাপেলো কেড়ে নেন তাঁর অধিনায়কত্ব।অধিনায়কত্ব ফিরেও পেয়েছিলেন, কিন্তু তাঁর বিরুদ্ধে অ্যান্টন বর্ণবাদের অভিযোগ তোলায় এ বছর ফেব্রুয়ারিতে আবার অধিনায়কত্ব কেড়ে নেয় এফএ। এবার অবশ্য ক্যাপেলো টেরির পক্ষ নিয়ে এফএর সিদ্ধান্তের প্রতিবাদে ইংল্যান্ড কোচের চাকরিটাই ছেড়ে দেন। অধিনায়কত্ব হারালেও টেরি খেলেছেন এবারের ইউরোতে। খেলেছেন এ মাসে মলদোভার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিও।বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই টেরির অবসর নিয়ে ইংল্যান্ডজুড়ে মিশ্র প্রতিক্রিয়া। ব্রিটিশ গণমাধ্যমের বড় অংশটাই ইংল্যান্ড ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ডিফেন্ডারের অবসরে চোখের জল ফেলতে নারাজ! এএফপি, রয়টার্স।