টেলএন্ডারদের অনুপ্রেরণা রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্জাক
রাজ্জাক

অনেক দিন ধরেই বাংলাদেশের এক নম্বর স্পিনার আবদুর রাজ্জাক। আধুনিক ক্রিকেটের একটা দাবিও তিনি পূরণ করে আসছেন নিয়মিত। বাঁহাতি স্পিনের সঙ্গে লেজের দিকের ব্যাটিংয়ের নেতৃত্বও তাঁকে দিতে হয় প্রায়ই!
খুব বড় ইনিংস হয়তো খেলেন না, কিন্তু রান আর বলের লড়াইয়ে জয় তাঁর কম নেই। সর্বশেষ জিম্বাবুয়ে সফরেও দেখিয়েছেন এই সামর্থ্য। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হারলেও ৯ নম্বর ব্যাটসম্যান রাজ্জাকের ২২ বলে অপরাজিত ৫৩ রানই লড়াইয়ের পুঁজি দিয়েছিল বাংলাদেশকে। এর আগে ২০১১ সালের আগস্টে হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৭ বলে ৪৩ রান করে জানিয়েছিলেন, কাজটা তিনি টেস্টেও পারেন।
হঠাৎ করে রাজ্জাকের লেজের দিকের ব্যাটিং নিয়ে পড়ার কারণ কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদমাধ্যমে তিনি নিজেও কথা বলেছেন এ নিয়ে। বিশ্বের অন্যান্য দেশের লেজের ব্যাটসম্যানদের তুলনায় বাংলাদেশের লেজের ব্যাটসম্যানদের একেবারে পিছিয়ে রাখছেন না তিনি, ‘অন্যান্য দেশের টেলএন্ডারদের তুলনায় আমাদের টেলএন্ডাররা একেবারে খারাপ নয়। হতে পারে আমরা হয়তো এক ওভারে ৩৫ নিতে পারি না। কিন্তু ২০ রান করার খেলোয়াড় আমাদেরও আছে।’ তবে ইনিংসের শেষ দিকে টেলএন্ডারদের ঝোড়ো ব্যাটিং করাটা খুব সহজ নয় বলেই মনে করেন তিনি, ‘এখন টেলএন্ডারদেরও নির্দিষ্ট টার্গেট নিয়ে খেলতে হয়। ৬ বলে ৮ রান করে নিতে হলে তো কঠিন। আগে টেলএন্ডারদের এসব ভাবতে হতো না। কিন্তু এখন ওপরের দিকের ব্যাটসম্যানরা রানের একটা গতি তৈরি করে দিয়ে আসে। লক্ষ্যপূরণ করতে হলে সবাইকেই সে অনুযায়ী ব্যাট করতে হবে।’
লেজের দিকের ব্যাটিংয়ে শুধু নয়, স্পিনার হলেও অনেক সময় নতুন বলে নেতৃত্ব দিতে হয় বোলিং আক্রমণের। রাজ্জাক এটিকেও দেখছেন ইতিবাচক দৃষ্টিতে, ‘প্রত্যেক সিরিজেই একটা না একটা ম্যাচে শুরুতে বল করতে হয় আমাকে। যদিও অনেক কঠিন ওই সময়ে বল করা। তার পরও আমার ভালো লাগে চ্যালেঞ্জ নিতে।’ স্পিনার হয়ে মাঝে মাঝে নতুন বল নিলেও বাংলাদেশ দলের পেস আক্রমণের প্রতি যথেষ্ট আস্থা তাঁর, ‘আমাদের পেস বোলারদের দুর্বল বললে সেটা ভুল হবে। কিছু ইনজুরির কারণে গত কিছুদিন হয়তো তারা ভালো করতে পারেনি। তবে এখন পেস বোলাররা ভালো করছে। এই ধারাটা থাকলে নিউজিল্যান্ড সিরিজেও ভালো করবে।’ বাংলাদেশের উইকেটের প্রসঙ্গ টেনে পেস বোলারদের পক্ষে আরও যোগ করলেন, ‘কন্ডিশনটাও বোঝা উচিত। এই কন্ডিশনে পেস বোলারদের জন্য তেমন কিছু থাকে না। নিউজিল্যান্ডের বিপক্ষেও হয়তো তাদের সুবিধার জন্য কিছু করা হবে না। সে ক্ষেত্রে শুধু শুধু পেস বোলারদের দোষ দিলে তো লাভ হবে না।’
সামনে নিউজিল্যান্ড সিরিজ। তার আগে প্রিমিয়ার লিগ হলে ম্যাচ প্র্যাকটিসের দারুণ একটা সুযোগ পাবেন ক্রিকেটাররা। শেখ জামালের রাজ্জাকের কাছে তাই বেশ গুরুত্বপূর্ণই হয়ে উঠেছে এই লিগ, ‘আমাদের প্র্যাকটিস ভালো চলছে। তবে একটু ম্যাচ খেলার সুযোগ পেলে আরও সুবিধা হবে। কারণ নেটে প্র্যাকটিসে দায়িত্বটা সে রকম থাকে না। প্র্যাকটিসে স্কিলে উন্নতি করা যায়, কিন্তু ম্যাচের জন্য ম্যাচই খেলা দরকার।’
প্রিমিয়ার লিগের খেলোয়াড়-লটারির বিরুদ্ধে সোচ্চার সব ক্রিকেটারই। ক্ষুব্ধ রাজ্জাকও। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে সবার আগে স্থান দিতে চান খেলাটাকেই, ‘আমরা পেশাদার খেলোয়াড়। খেলায় এসবের প্রভাব পড়লে নিজেদেরই ক্ষতি। সিদ্ধান্ত হওয়ার আগে যে যা-ই বলুক, মাঠে নামলে ওসব মনে থাকে না।’