টেলর-ঝড়ে অন্য নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গালুরুতে তিনি দর্শকপ্রিয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল মাতিয়েছেন। প্রিয় স্লগ সুইপের ঝড় তুলে কতবার মাতিয়েছেন এই চিন্নাস্বামী স্টেডিয়াম। কাল চিন্নাস্বামীতে দেখা গেল যেন আইপিএলের রস টেলরকে! সাদা পোশাক আর লাল বল বলছিল টেস্ট ক্রিকেট, কিন্তু টেলরের ব্যাটিংয়ে মাঝেমধ্যেই মনে হচ্ছিল ম্যাচটা বুঝি টি-টোয়েন্টি!অধিনায়কের চোখ ধাঁধানো সেঞ্চুরিতে দেখা গেল অন্য এক নিউজিল্যান্ডকে। হায়দরাবাদে চূড়ান্ত বিব্রত দলটাই বেঙ্গালুরুর প্রথম দিন কাটাল দুর্দান্ত দাপটে। হায়দরাবাদে দুই ইনিংস মিলিয়ে যে রান তুলেছিল (১৫৯ ও ১৬৪) নিউজিল্যান্ড, বেঙ্গালুরুর প্রথম দিনেই তুলে ফেলেছে তার চেয়ে বেশি! আলোকস্বল্পতা ও বৃষ্টিতে খেলা হয়েছে ৮১.৩ ওভার। টেলরের সেঞ্চুরি আর গাপটিল-ফন উইকের ফিফটিতে নিউজিল্যান্ড তাতেই তুলে ফেলেছে ৬ উইকেটে ৩২৮, রানরেট চারের বেশি! ইতিবাচক আর আক্রমণ—টেস্ট শুরুর আগে এই দুটি শব্দই সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে টেলরের কণ্ঠে। স্পিন-জুজু তাড়াতে আক্রমণের কোনো বিকল্প দেখেননি টেলর। শুধু মুখে বললেই চলবে কেন? অধিনায়ক নিজে সামনে থেকে দেখালেন আক্রমণ কাকে বলে। আগের টেস্টে দুই ইনিংসেই অশ্বিনের বলে আউট হয়েছিলেন বিব্রতকরভাবে। কাল শুরু থেকেই স্পিনে পায়ের কাজ ইতিবাচক, ইচ্ছামতো সুইপ খেলে অশ্বিন-ওঝাকে বল ফেলারই জায়গা দিচ্ছিলেন না। ওঝার ৫৫ বলে করেছেন ৪২, অশ্বিনের ৪৩ বলে ২৬। দুই পেসারের ওপর ছিলেন নির্দয়, জহিরের ২০ বলে ২৭, উমেশ যাদবের ৯ বলে ১৮! ওঝাকে এক ওভারে টানা চার মেরে ফিফটি ছুঁয়েছেন ৪৮ বলে, ওঝাকেই কাট করে চার মেরে সপ্তম টেস্ট সেঞ্চুরি ৯৯ বলে। একপর্যায়ে তো রান ছিল ৫৯ বলে ৭৫!ইতিবাচক শুরুটা হয়েছিল অবশ্য মার্টিন গাপটিলের হাত ধরে। দ্বিতীয় ওভারেই রিক্ত হাতে ফেরেন ব্রেন্ডন ম্যাককালাম, কিন্তু সহজাত ব্যাটিং করে গেছেন গাপটিল। ধোনি প্রজ্ঞান ওঝাকে দিয়ে বোলিং শুরু করলেও ভড়কে যাননি, ৮ চারে ফিফটি তুলে নেন ৬২ বলে। তবে ফিফটির পর ফিরে যাওয়ার সেই পুরোনো রোগ থেকে বেরোতে পারেননি, বাজে এক শটে ক্যাচ দিয়েছেন মিড উইকেটে। এরপর দিনের মোড় ঘুরিয়ে দেওয়া টেলর-ফ্লিনের চতুর্থ উইকেট জুটি। ড্যানিয়েল ফ্লিনের আউটে ভেঙেছে ১১৩ বলে ১০৭ রানের জুটি, এই নিয়ে সিরিজের তিন ইনিংসেই অশ্বিনকে সুইপ করতে গিয়ে এলবিডব্লু হলেন ফ্লিন!সেঞ্চুরির পর টেলরের আউটে মনে হচ্ছিল গতি হারাবে কিউই ইনিংস। কিন্তু অভাবিতভাবে অধিনায়কের দেখানো পথে ছুটলেন ফন উইক ও পেসার ডগ ব্রেসওয়েল। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৮২ রানের জুটিতে দিন শেষ করেছেন দুজন। প্রথম টেস্ট ফিফটিটাকে প্রথম সেঞ্চুরিতে রূপ দেওয়ার আশায় আজ নামবেন উইকেটকিপার ফন উইক। ওয়েবসাইট।