২০০৯ সালের ১০ জানুয়ারি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেকেই করেছিলেন সেঞ্চুরি। তারপর ৫২ ম্যাচে তিন অঙ্কের দেখা নেই। ক্যারিয়ারের ৫৪তম ম্যাচে এসে কাল আবার সেঞ্চুরি করলেন মার্টিন গাপটিল। কিন্তু দুই সেঞ্চুরির মধ্যে পার্থক্য—অভিষেক ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে, কালকের সেঞ্চুরি তাঁকে দিয়েছে জয়ের স্বাদ। দ্বিতীয় ম্যাচটি ৪ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ মুঠোয় পুরল সফরকারী নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের ৮ উইকেটে ২৫৯ রানের জবাবে নিউজিল্যান্ড ৪৮.২ ওভারে ২৬১/৬।গাপটিল যখন উচ্ছ্বাসে ভাসছেন, ব্রেন্ডন টেলর বিষণ্ন! জিম্বাবুয়ের অধিনায়কের টানা দ্বিতীয় সেঞ্চুরি ঢাকা পড়ল পরাজয়ের হতাশায়। প্রথম ম্যাচে অপরাজিত ১২৮ রান করেও ম্যাচ শেষে টেলর ছিলেন পরাজিত দলের অধিনায়ক। কালও এক প্রান্ত আগলে রেখে টেলর করেছেন ১০৫ বলে অপরাজিত ১০৭, তবুও ম্যাচ শেষে সেই হারই। অধিনায়ক হিসেবে ১০ ম্যাচে এটি টেলরের তৃতীয় সেঞ্চুরি। ২৬০ রানের লক্ষ্যে দলীয় ৪৯ রানেই ফেরেন আগের ম্যাচে অভিষেকেই সেঞ্চুরি করা নিকোল। এরপর গাপটিল-ম্যাককালামের (৮৭) ১৫৭ রানের জুটিই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। শেষ দিকে দ্রুত ৫ উইকেটের পতনেও তাই সমস্যা হয়নি। ওয়েবসাইট।