টেলরকে সরিয়ে ম্যাককালাম
শ্রীলঙ্কা সফরের পর থেকেই নিউজিল্যান্ডের অধিনায়কত্ব নিয়ে বিতর্কটা চলে আসে সামনে। অবশেষে সেই বিতর্কের অবসান হলো অধিনায়ক পরিবর্তনের মধ্য দিয়ে। রস টেলরকে সরিয়ে নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক করা হয়েছে ব্রেন্ডন ম্যাককালামকে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন ২৭ বছর বয়সী ম্যাককালাম। কিন্তু সত্যিই কি বিতর্কের অবসান হলো? নাকি এই পরিবর্তনের মাধ্যমে অধিনায়কত্ব প্রশ্নে নিউজিল্যান্ডের ক্রিকেটে রোপণ করা হলো অন্তর্দ্বন্দ্বের বিষবৃক্ষ?পরিবর্তন-প্রক্রিয়া এবং পরবর্তী ঘটনাপ্রবাহই তুলে দিচ্ছে এই প্রশ্ন। ম্যাককালামকে ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব দিয়ে টেলরকে শুধু টেস্ট অধিনায়ক থাকার প্রস্তাব দেয় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি), যেটি আসলে কোচ মাইক হেসনের প্রস্তাব। কিন্তু দ্বৈত অধিনায়ক-তত্ত্বকে বিভ্রান্তিকর জানিয়ে এনজেডসির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন টেলর। শুধু তা-ই নয়, পরিবারকে সময় দেওয়ার নাম করে টেলর সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন দল থেকেও। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না তিনি। এনজেডসির আশা, দক্ষিণ আফ্রিকা সফরের পর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে দলে ফিরবেন টেলর। তবে টেলর বলেছেন, কেবল ফেরার জন্য সময়টাকে সঠিক মনে করলেই তিনি ফিরবেন। টেলরের কণ্ঠে স্পষ্টই ক্ষোভের ইঙ্গিত।২০১১ বিশ্বকাপ শেষে ড্যানিয়েল ভেট্টোরি সরে দাঁড়ানোর পরই অধিনায়কত্ব নিয়ে একটা ঠান্ডা লড়াই চলে টেলর-ম্যাককালামের মধ্যে। শেষ পর্যন্ত অধিনায়ক হন জনপ্রিয়তায় এগিয়ে থাকা টেলর। দায়িত্ব নেওয়ার পর টেলরের ব্যাট হাসলেও ব্যর্থ হয়েছে দল। ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড নেমে গেছে বাংলাদেশেরও নিচে। এ বছরে কিউইরা টেস্টও জিতেছে মাত্র দুটি। সর্বশেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি ছাড়া অন্য জয়টি জিম্বাবুয়ের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ শুরুর আগেই কোচ হেসন টেলরকে তাঁর অধিনায়কত্ব নিয়ে সংশয়ের কথা বলেন। দ্বিতীয় টেস্টের আগে সরাসরিই বলে দেন, শ্রীলঙ্কা সিরিজের পর তিনি আর টেলরকে অধিনায়ক দেখতে চান না! সেই থেকেই এটা নিয়ে চলছিল বিতর্ক। অথচ কলম্বো টেস্টে ১৪২ ও ৭৬ রানের দুটি ইনিংস খেলে টেলরই ১৯৯৮ সালের পর শ্রীলঙ্কায় প্রথম টেস্ট জয়ের স্বাদ দিয়েছেন নিউজিল্যান্ডকে। আর তাতে সিরিজও ড্র করে ফেরে নিউজিল্যান্ড। ওয়েবসাইট।