টেলরদের আইরিশ চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ ফাইনালের দুই দল তখনো মাঠে আসেনি। কিন্তু মিরপুরে ব্যাট-বলের ঠুকঠাক শুরু হয়ে গেছে সেই সকাল থেকেই। একাডেমি মাঠের এক পাশে অনুশীলন করছিল আফগানিস্তান, আরেক পাশে জিম্বাবুয়ে!

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলগুলোর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে পা রাখার কথা আজ থেকে। তবে এশিয়া কাপ অভিযান শেষে দু-তিন দিনের জন্য আর দেশে ফিরে যায়নি আফগানরা। জিম্বাবুয়েও চলে এসেছে দুই দিন আগেই। মৃদু স্বরে হলেও তাই এশিয়া কাপ শেষ হওয়ার আগেই বেজে গেছে ছোট বিশ্বকাপের দামামা।

গত কয়েক বছরে অসংখ্যবার আসা-যাওয়ার পালায় জিম্বাবুয়ের অনেক খেলোয়াড়ের কাছে বাংলাদেশ হয়ে গেছে ‘দ্বিতীয় বাড়ি’। মিরপুরের একাডেমি-ইনডোর, ঢাকার পথঘাটও চেনা অনেকের। বাংলাদেশের সাংবাদিকদের দেখেও চেনা হাসিতে এগিয়ে এলেন ব্রেন্ডন টেলর, এলটন চিগুম্বুরা, হ্যামিল্টন মাসাকাদজারা। এমন পরিচিত আবহের পরও দুই দিন আগে চলে আসার কারণ ব্যাখ্যা করলেন অধিনায়ক টেলর, ‘গত ওয়ার্ল্ড টি-টোয়েন্টির পর আমাদের মনে হয়েছিল প্রস্তুতিতে ঘাটতি ছিল। মনে হয়েছিল একটু দেরিতে শ্রীলঙ্কায় গিয়েছিলাম আমরা। নতুন সব জায়গাতেই উইকেট-কন্ডিশন, আলো-বাতাসের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে।’

শ্রীলঙ্কার ব্যপারটি না হয় মানা গেল, তাই বলে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও আগে আসতে হবে! জিম্বাবুয়ে জাতীয় দল বাংলাদেশে আসে নিয়মিতই। বিপিএলে পরিচিত মুখ জিম্বাবুইয়ান ক্রিকেটাররা। কদিন আগেই ঢাকা প্রিমিয়ার লিগে খেলে গেলেন টেলর, চিগুম্বুরা, মাসাকাদজা, সিকান্দার রাজা, ভুসিমুজি সিবান্দা, শন উইলিয়ামসরা। তার পরও আগে আসার তাগিদ অনুভব করেছেন টেলররা, ‘আমরা কজন খেলেছি এখানে কদিন আগেও, কিন্তু সবাই তো খেলেনি! টুর্নামেন্ট শুরুর আগে সবাইকে এখানের জল-বাতাসের সঙ্গে অভ্যস্ত করে তুলতে চাই। কোনো রকম ঝুঁকি নিতে চাই না আমরা, প্রস্তুতির সামান্য ঘাটতির জন্য পরে কোনো আফসোস করতে চাই না।’

এতটা একাগ্রতার কারণ বুঝে নিতে সমস্যা হয় না একটুও। বাংলাদেশের মতো প্রাথমিক পর্ব খেলতে হওয়াটা জিম্বাবুয়ের জন্যও অস্বস্তির। তাঁদের জন্যও অপেক্ষা করছে বড় এক চ্যালেঞ্জ। বাংলাদেশের মতো জিম্বাবুইয়ানদেরও টুর্নামেন্ট শেষ হয়ে যেতে পারে একরকম প্রথম ম্যাচেই। মুশফিকদের ভাবনাজুড়ে এখন যেমন আফগানরা, টেলরদের ভাবনায় তেমনি আইরিশরা। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পরদিনই সিলেটে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ। এই গ্রুপের বাকি দুই দল হল্যান্ড ও আরব আমিরাত বাংলাদেশের গ্রুপের বাকি দুই দলের হংকং-নেপালের চেয়ে ভালো। তবে রায়ান টেন ডেসকাট, অস্ট্রেলিয়া ‘এ’ দলে খেলা টম কুপাররা নেই বলে ডাচরা এবার অনেকটাই খর্বশক্তির। প্রথম ম্যাচটা তাই একরকম গ্রুপ ফাইনাল এখানেও। টেলরও সেটাই বললেন, ‘কোনো দলকেই হালকাভাবে দেখার অবকাশ নেই। তবে সন্দেহ নেই আইরিশরাই হবে মূল চ্যালেঞ্জ। খুবই বিপজ্জনক দল, একাই ম্যাচ বের করে নেওয়ার মতো বেশ কজন ক্রিকেটার আছে ওদের।’

আগেভাগে চলে আসার আরেকটি বড় কারণ সাম্প্রতিক নানা ঘটনা। বেতন-ভাতার দাবিতে গত কিছুদিন টেলররা ছিলেন ধর্মঘটে, ঘরোয়া ক্রিকেটেও ম্যাচ বয়কটের ঘটনা ঘটেছে। ‘অবশেষে পেমেন্ট হয়ে গেছে। মাঠে ভালো করাই এখন বড় চ্যালেঞ্জ’—বলে কিটব্যাগ নিয়ে বাসের দিকে এগিয়ে গেলেন টেলর। এটাও যেন বুঝিয়ে দিলেন, চ্যালেঞ্জ শুধু ক্রিকেটের নয়, জীবনেরও!