টেলরের কাছ থেকেও শেখেনি বাংলাদেশ
বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের আউটের ধরনটা মনে করিয়ে দিচ্ছিল গ্রান্ট ফ্লাওয়ারের কথাটা। আগের দিন সংবাদ সম্মেলনে ব্রেন্ডন টেলরকে প্রশংসাবৃষ্টিতে ভিজিয়েছিলেন জিম্বাবুয়ে দলের ব্যাটিং কোচ। কাল বারবার মনে হচ্ছিল, ওই সংবাদ সম্মেলনে যদি বাংলাদেশ দলের ব্যাটসম্যানরাও থাকতেন! মারার বলে বাংলাদেশের ব্যাটসম্যানদের রক্ত গরম হয়ে ওঠাটা নতুন নয়। অনেক ব্যাটসম্যানের তো প্রিয় স্লোগান, ‘মারার বল পেলে ছাড়ব না’। কিন্তু সামান্য ভুলের কারণে মারার বলগুলোও যে হয়ে উঠতে পারে প্রাণঘাতী, সেটা মনে রাখাও ব্যাটসম্যানের কাজ। হারারে টেস্টের প্রথম ইনিংসে যেটা প্রতিটি মুহূর্তে মনে রেখে ব্যাট করেছেন ব্রেন্ডন টেলর। তা ছাড়া আক্রমণাত্মক ব্যাটিংয়ের কথাও যদি বলেন, টেলরের মতো তো সেখানেও কেউ নেই প্রথম টেস্টের বাংলাদেশ দলে! সেই টেলর যদি উইকেটের চরিত্র বুঝে খোলসে ঢুকে যেতে পারেন, সংযমী ব্যাটিং দিয়ে পারেন দলকে বিপর্যয় থেকে টেনে তোলার সংগ্রামে জয়ী হতে, আশরাফুল-সাকিবরা কেন পারবেন না? ফ্লাওয়ারের মতো কেন দিন শেষে শেন জার্গেনসেনও বলতে পারবেন না, ‘উইকেটের চরিত্র বুঝে ওরা নিজেদের খেলাটাও বদলে ফেলেছিল...।’প্রথম ইনিংসে রূপকথার মতো এক ইনিংস খেলে জিম্বাবুয়েকে নতুন প্রাণ দিয়েছিলেন টেলর। এর আগ পর্যন্ত ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল তাঁর দল। সে তুলনায় বাংলাদেশের শুরুটা ছিল অনেক ভালো। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মাহমুদউল্লাহ যখন ড্রেসিংরুমে ফেরেন, স্কোরবোর্ডে ১১২ রান। হারারের উইকেটে এই রান টেনে নিয়ে অন্তত তিন শর কাছাকাছি যাওয়া কোনো ব্যাপারই ছিল না। পেসাররা বাউন্স-মুভমেন্ট পেলেও ব্যাটসম্যানদের কাজ অসম্ভব করে তোলার মতো উইকেট নয় এটা। বরং সমান বাউন্স থাকবে, বল ব্যাটে আসবে—এমন উইকেটে ব্যাট করাই স্বপ্ন থাকে ব্যাটসম্যানদের। দ্বিতীয় দিন শেষে উইকেটের চেহারা দেখে সেই স্বপ্নই দেখছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ছিল জিম্বাবুয়ের তুলনায় দ্রুত রান তোলার আত্মবিশ্বাসও।কিন্তু বাংলাদেশের ব্যাটিং দ্বিতীয় দিনের সকালেই পড়ল আশ্চর্যরকম এক দ্বিধায়। প্রথম ঘণ্টায় আক্ষরিক অর্থেই শম্বুক গতির ব্যাটিংয়ের পর হঠাৎ যেন মাহমুদউল্লাহ-আশরাফুল-সাকিবদের মনে হলো দ্রুত চালাতে হবে। চেষ্টা করতে হবে কালকের দিনের মধ্যেই জিম্বাবুয়ের ৩৮৯ রানের কাছে যেতে ! পরিণতি, একের পর এক ভুল শটে ড্রেসিংরুমে ফেরার মিছিল। মুশফিকুর রহিমের সন্দেহজনক এলবিডব্লুটা ছাড়া বাকি প্রায় সব ব্যাটসম্যানই বিলিয়ে দিয়ে এসেছেন উইকেট। ৮৭টি বল খেলে ৩৮ রান করা মোহাম্মদ আশরাফুলের ব্যাটিংয়ের সঙ্গে মেলানো যায়নি ৮৮তম বলের (ওই বলেই আউট হয়েছেন) মোহাম্মদ আশরাফুলকে। সাকিব আল হাসানের ব্যাটিং দেখে মনে হয়েছে, টেস্ট ক্রিকেট মানেই হলো প্রতিটি বল ব্যাটে লাগানো। ১৩ বল খেলেছেন, ছেড়েছেন মাত্র একটা। অথচ ছাড়া উচিত ছিল শিঙ্গি মাসাকাদজার যে বলে আউট হয়েছেন সেটাও। অফ স্টাম্পের বাইরে পড়ে লাফিয়ে ওঠা বলের সামনে অযথাই ব্যাট এগিয়ে সাকিব ক্যাচ দিয়েছেন গালিতে। আর অফ স্টাম্পের বাইরের বলে মাহমুদউল্লাহ যে শটে প্লেড অন হলেন, সেটা সাধারণত ওয়ানডেতেই খেলার চেষ্টা করেন ব্যাটসম্যানরা। লাঞ্চের পর জার্ভিসের করা প্রথম ওভারের প্রথম দুই বলে শূন্যে ড্রাইভ খেললেন নাসির। ব্যাট বলের নিশানা খুঁজে পাচ্ছে না দেখেও সতর্ক হলেন না। চতুর্থ বলে আয়েশি ভঙ্গিতে খোঁচা মেরে হয়ে গেলেন কট বিহাইন্ড।ব্যাটিংটা এমন দায়িত্বজ্ঞানহীন হলে মাশুল তো দিতে হবেই। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের টেলর একাই যেখানে খেলেছেন ৩২৪ বল, সেখানে বাংলাদেশের ১১ ব্যাটসম্যান মিলে তার চেয়ে মাত্র একটা বল বেশি খেললেন। কিন্তু টেলরের ব্যক্তিগত ইনিংসটির চেয়ে পুরো বাংলাদেশ পিছিয়ে থাকল ৩৭টি রানে।দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের অবস্থাও অনেকটা বাংলাদেশের মতো হলেও সেটার জন্য স্বাগতিকদের খুব কম ব্যাটসম্যানকেই কাঠগড়ায় দাঁড়াতে হয়। কৃতিত্ব পুরোটাই বাংলাদেশের পেসার রবিউল ইসলামের। প্রথম ইনিংসে দুর্দান্ত বল করে পেয়েছিলেন ৩ উইকেট। কাল বোলিংয়ের ধার যেন বেড়ে গেল আরও। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও পাননি, তবে একাই তুলে নিয়েছেন জিম্বাবুয়ের প্রথম ৬ উইকেট।এই ছয় ব্যাটসম্যানের মধ্যে নেই টেলর। বরং কাল ৭ উইকেটে করা জিম্বাবুয়ের ১৮৭ রানের মধ্যে ৮১ রানই তাঁর। বাংলাদেশের ব্যাটসম্যানদের পরিস্থিতির দাবি মানা ব্যাটিং শেখানোর চেষ্টা করেই যাচ্ছেন জিম্বাবুয়ে অধিনায়ক।