টেলরের কাছে ক্ষমা চাইল বোর্ড
ব্যতিক্রমী এক নজির গড়ল ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)। নেতৃত্ব থেকে সরানোর ব্যাপারটা ভালোভাবে সামলাতে না পারায় রস টেলর ও তাঁর পরিবারের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে এনজেডসি। কাল সংবাদ সম্মেলন করে ক্ষমা চেয়েছেন এনজেডসির চেয়ারম্যান ক্রিস মোলার। কোনো ক্রিকেটারের কাছে ক্রিকেট বোর্ডের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ঘটনা ক্রিকেট ইতিহাসে আর আছে কি না সন্দেহ।তবে ক্ষমা চেয়েও পার পাচ্ছে না বোর্ড। সাবেক ক্রিকেটার, কলামিস্ট, বিশেষজ্ঞরা তুলোধোনা করে ছেড়েছেন বোর্ডকে। দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করা ও ক্রিকেটকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য বোর্ডপ্রধান মোলার ও কোচ মাইক হেসনকে সরে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন অনেকে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের আশা প্রকাশ করেছেন, ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় শেষ হবে দ্রুতই।ওয়েলিংটনের সংবাদ সম্মেলনে এনজেডসির চেয়ারম্যান বলেছেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট দলের নেতৃত্ব বদল নিয়ে যা হচ্ছে, সবকিছুই পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেছে বোর্ড। পুরো ব্যাপারটা যেভাবে প্রকাশ্য হয়েছে, তাতে টেলর ও তাঁর পরিবারের কাছে বোর্ড ক্ষমা চাইছে। আমরা কাউকে আঘাত দিতে চাইনি। কিন্তু পুরো ব্যাপারটাই খুব বাজেভাবে হয়েছে।’অবশ্য সবকিছুর জন্য মোলারেরই দায় দেখছেন মার্ক গ্রেটব্যাচ। রেডিও সাক্ষাৎকারে সাবেক এই ক্রিকেটার ও কোচের দাবি, গত দু-তিন বছরে অনেকবারই এভাবে দেশের ক্রিকেটের ক্ষতি করেছেন মোলার। বোর্ড চেয়ারম্যান মোলার, কোচ হেসনসহ বোর্ডের শীর্ষ সব কর্মকর্তার পদত্যাগ দাবি করেছেন সাবেক অধিনায়ক ও নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে স্বীকৃত মার্টিন ক্রো। বোর্ডের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পর অবশ্য ক্ষোভ কমেছে টেলরের। সদ্য সাবেক অধিনায়ক সব ভুলে সামনে তাকানোর কথা জানিয়েছেন টুইটে, ‘এনজেডসির ক্ষমা চাওয়াটা ইতিবাচক। সব পেছনে ফেলে সামনে তাকাতে চাই, আশা করি দ্রুতই দলে ফিরব।’একই আশাবাদ ম্যাককালামের কণ্ঠে। শুধু টেলর নন, নিকট ভবিষ্যতে আরেক প্রতিভাবান ব্যাটসম্যান জেসি রাইডারকেও দলে দেখতে চান ম্যাককালাম, ‘রস খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ওর কিছুটা সময় প্রয়োজন। আমার ও দলের সহানুভূতি আছে ওর জন্য। যখনই ফিরতে চাইবে, আমরা ওকে স্বাগত জানাব। কারণ অনেকটা ব্যবধানে আমাদের সেরা ব্যাটসম্যান ও। জেসির সঙ্গে আমার যোগাযোগ আছে। ঘরোয়া ক্রিকেটে ওকে এত এত রান করতে দেখে ভালো লাগছে। ওর সামর্থ্য নিয়ে কখনোই সংশয় ছিল না। দুর্ভাগ্যজনক কিছু ব্যাপারে ও এখন দলের বাইরে। আশা করি, শিগগিরই আমরা ওকে ফিরে পাব এবং এবার আর কোনো সমস্যা হবে না।’স্বেচ্ছা অবসর থেকে ফেরার পর ঘরোয়া চার দিনের টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে চার ম্যাচে ৩ সেঞ্চুরিতে ৫৪৯ রান করেছেন রাইডার, টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৩ ম্যাচে দুই ফিফটিতে ১৭৪ রান। রয়টার্স, ওয়েবসাইট।