টেলরের পর ক্লার্কই সেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই ১০ টেস্টে নেতৃত্ব দিলেন, তুলনা করার সময় হয়তো এখনো হয়নি। তবে এটুকুতেই অধিনায়ক মাইকেল ক্লার্ককে বুঝে নিতে সমস্যা হয়নি অ্যাশলি ম্যালেটের। অস্ট্রেলিয়ান সাবেক স্পিনারের ধারণা, মার্ক টেলরের পর অস্ট্রেলিয়ার সেরা অধিনায়ক ক্লার্ক। ম্যালেটের প্রশংসার ওজন বুঝতে জেনে রাখুন, রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্ট তো বটেই, টেলরের পর অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু স্টিভ ওয়াহও! সিডনির ট্রিপল সেঞ্চুরি ও দলের জয়ের কথা ভেবে নিজের স্বার্থকে বলি দেওয়ার পর পুরো অস্ট্রেলিয়া, ক্রিকেট বিশ্বজুড়েই চলছে ক্লার্ক-বন্দনা। তবে ম্যালেট সম্ভবত ছাড়িয়ে গেলেন সবাইকে, ‘অসাধারণ অধিনায়কত্ব করছে ও। আমার মতে, মার্ক টেলরের পর সেরা অধিনায়ক ও, কারণ মাঠেও দারুণ সক্রিয়। উইকেট পড়ার জন্য অপেক্ষা করে না ও, বরং নেওয়ার চেষ্টা করে। এমন নয় যে স্রেফ ভাগ্যগুণে ভালো করে ফেলছে। বরং মাঠে সক্রিয় থেকে ভাগ্যকে নিজের দিকে টেনে আনছে। ওর মাঠ সাজানো ও বোলিং পরিবর্তনও দারুণ।’অধিনায়ক হওয়ার পর ক্লার্কের ব্যাটিং আরও ভালো হয়েছে বলেও ধারণা ৩৮ টেস্ট খেলা অফ স্পিনারের, ‘অধিনায়কত্ব পাওয়ার পর থেকে ও সম্ভবত যেকোনো সময়ের চেয়ে ভালো ব্যাটিং করছে।’ ম্যালেটের দাবির পক্ষে সাক্ষ্য দেবে পরিসংখ্যানও। ‘সাধারণ’ ব্যাটসম্যান হিসেবে ক্লার্কের ব্যাটিং-গড় ৪৬.৯৭, অধিনায়ক ক্লার্কের গড় ৫৯.১৮! ক্যারিয়ারের সেরা তিনটি ইনিংসও সম্ভবত খেলেছেন অধিনায়ক হওয়ার পর—সিডনির ৩২৯*, কেপটাউনে উইকেট-বৃষ্টির টেস্টে ১৫১, ব্রিসবেনের সিমিং উইকেটে ১৩৯।নেতৃত্ব, ব্যাটিংয়ের পাশাপাশি ক্লার্ক বাহবা কুড়িয়েছিলেন ত্যাগের কারণেই। দেশের হয়ে নিজেকে ফিট ও চনমনে রাখতে এবং ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করার জন্য আইপিএল-বিগ ব্যাশে অঢেল টাকার হাতছানি উপক্ষো করে এসেছেন এত দিন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন। কিন্তু এখন মন খানিকটা বদলে ফেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরবেন না, কিন্তু চিন্তাভাবনা করছেন ভবিষ্যতে টি-টোয়েন্টি লিগগুলোয় খেলার, ‘ভবিষ্যতে আমি অবশ্যই টি-টোয়েন্টি খেলতে চাই। অস্ট্রেলিয়ার হয়ে অবশ্যই নয়, খেলতে চাই আইপিএল, বিগ ব্যাশ ও অস্ট্রেলিয়ান টুর্নামেন্টগুলোয়। সত্যি বলতে, টি-টোয়েন্টি দেখতে আমার ভালো লেগেছে। ভবিষ্যতে অবশ্যই আবার খেলতে চাই।’ ওয়েবসাইট।