
ব্রেন্ডন ম্যাককালাম কি অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন?
বছরের শুরুতেই কিউই অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে ৯টি টেস্টে জয়ের স্বাদ পাননি। চারটিতে হেরেছেন, বাকি পাঁচ ম্যাচ হয়েছে ড্র! দশম টেস্টে ম্যাককালাম প্রথম জয়োৎসব করতে পারেন কি না সেটা বলবে সময়। তবে দ্বিতীয় দিন শেষে ডানেডিন টেস্ট যে জায়গায় দাঁড়িয়ে, ম্যাককালামের চোখে জয়ের ছবি কিন্তু ভেসে উঠেছে।
কিউইদের ব্যাটে দাপট ছিল প্রথম দিনেই। বিশেষ করে ম্যাককালাম ও রস টেলরের ব্যাটে। দুজনই পেয়েছেন বহু প্রতীক্ষিত সেঞ্চুরি। ড্যারেন স্যামির কপালের ভাঁজ বড় করে অবিচ্ছিন্ন ১৮২ রানের জুটি গড়ে অপরাজিত ছিলেন দুজনই। ম্যাককালামের বিদায়ে জুটিটা কাল ভাঙে দিনের শুরুতেই, আর ১৩ রান যোগ করে। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের পরের অংশটুকু টেলরময়। প্রায় এক বছর পর পাওয়া সেঞ্চুরিটাকে টেলর রূপ দিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে। তাঁর অপরাজিত ২১৭ রানের ইনিংসে চড়ে নিউজিল্যান্ড ইনিংস ঘোষণা করেছে ৯ উইকেটে ৬০৯ রান করে। টেস্টে যা নিউজিল্যান্ডের চতুর্থ সর্বোচ্চ ইনিংস। এই তথ্য কিউইদের যেমন আশা জোগায়, আবার হতাশাতেও পোড়ায়। ৬০০ পেরোনো স্কোর গড়ে আগের তিনবার জেতা হয়নি, হয়েছে ড্র! এবার অবশ্য অন্য রকম ইঙ্গিত মিলছে। রান-পাহাড়ের নিচে চাপা পড়ে ওয়েস্ট ইন্ডিজ দুই ওপেনারকে হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ৬৭ রানে, ২ উইকেট পড়েছিল আসলে ২৪ রানে। ফলোঅন এড়াতেই এখনো ৩৩৩ রান দরকার স্যামিদের।
অথচ কাল দিনের শুরুতেই ম্যাককালামকে বোল্ড করে ক্যারিবীয় শিবিরে স্বস্তি ফেরান স্যামি। একটু পর কোরি অ্যান্ডারসনকে শূন্য উপহার দেন টিনো বেস্ট। কিন্তু এর পরই বিজে ওয়াটলিংয়ের সঙ্গে ষষ্ঠ উইকেটে টেলর গড়েন ৮৪ রানের জুটি। সোধি ও ওয়াগনারকে সঙ্গে নিয়ে অষ্টম ও নবম উইকেটে ৭৬ ও ৬১ রানের আরও দুটি উল্লেখযোগ্য জুটি করে টেলর দলকে নিয়ে যান ওই উঁচুতে। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে এটাই সর্বোচ্চ দলীয় স্কোর।
সঙ্গী ম্যাককালামের বিদায়ের পর টেলরের সকালটাও খুব স্বস্তিতে কাটেনি। যে ওভারে ম্যাককালাম আউট হন, ওই ওভারেই রানআউট হতে হতে বেঁচে যান। টেলর পরে দু-দুবার বেঁচে গেছেন ক্যাচ দিয়েও। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ঔজ্জ্বল্য ছড়িয়েছে টেলরের ব্যাটও। দিনের প্রথম তিন ঘণ্টায় মাত্র ৪টি চার মারা টেলর লাঞ্চ ও চা-বিরতির মাঝে গ্যাব্রিয়েলের এক ওভারেই চার মারেন চারটি। সব মিলিয়ে তাঁর অপরাজিত ২১৭ রানের ইনিংসে চার ২৩টি।
এত দিন ২০০৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে করা অপরাজিত ১৫৪ রানই ছিল তাঁর সর্বোচ্চ। তার পাঁচ বছর পর পেলেন ডাবল সেঞ্চুরি। উচ্ছ্বসিত টেলর বলেছেন, অনেক দিন বড় ইনিংস খেলতে না পারায় একটা ভয় পেয়ে বসেছিল তাঁকে এবং সেটিকে তাড়াতে পারাটা দুর্দান্ত। এই ইনিংসটাকে নিজের অন্যতম সেরা ইনিংস বলছেন নিউজিল্যান্ড ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ, ‘যেভাবে আমি মাথা ঠান্ডা করে গড়েছি, সেভাবে ভাবলে এটি আমার সেরা ইনিংস, মানসিকভাবে।’ তথ্যসূত্র: ক্রিকইনফো।