ভারত সফরের প্রথম টেস্টে ইনিংস ও ১১৫ রানের বিশাল ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল নিউজিল্যান্ডকে। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। অধিনায়ক রস টেলরের অনবদ্য শতরানের সুবাদে ছয় উইকেট হারিয়ে ৩২৮ রান তুলে প্রথম দিন শেষ করেছে নিউজিল্যান্ড। আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ১২৭ বলে ১১৩ রানের ইনিংস খেলেছেন রস টেলর। ভারতের পক্ষে প্রজ্ঞান ওঝার শিকার চার উইকেট।আজ বেঙ্গালুরু টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু স্কোরবোর্ডে কোনো রান জমা না হতেই ইনিংসের দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরেন ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম। প্রথম টেস্টের মতো এবারও হয়তো ব্যাটিং বিপর্যয়ের আশঙ্কাতেই ভুগছিলেন কিউই সমর্থকেরা। কিন্তু পরে শক্ত হাতে দলের হাল ধরেন আরেক ওপেনার মার্টিন গাপটিল। দ্বিতীয় উইকেটে কেইন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে তিনি যোগ করেন ৬৩ রান। তবে খুব বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি এ দুই ব্যাটসম্যান। শতরানের কোটা পূর্ণ হওয়ার আগেই প্রজ্ঞান ওঝার শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন উইলিয়ামসন ও গাপটিল। আউট হওয়ার আগে গাপটিল খেলেছেন ৫৩ রানের ইনিংস। চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে শক্ত ভিত্তি গড়ে দেন ড্যানিয়েল ফ্লেন ও অধিনায়ক রস টেলর। দলীয় ১৯৬ রানের মাথায় এ জুটি ভেঙে ভারতীয় শিবিরে কিছুটা স্বস্তি ফেরান রবীচন্দ্রন অশ্বিন। ৩৩ রান করে ফিরে যান ফ্লেন। এরপর খুব অল্প সময়ের মধ্যেই ফ্লেনের সঙ্গী হন জেমস ফ্রাঙ্কলিন ও টেলর। লড়াকু ব্যাটিং করে ১১৩ রানের চমৎকার এক ইনিংস খেলেছেন টেলর। দিনের বাকি সময়টা অবশ্য আর কোনো উইকেট না হারিয়েই পার করে দিয়েছেন ক্রুগার ভন উইক ও ডোউগ ব্রেসওয়েল। সপ্তম উইকেটে ৮২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন এ দুই ব্যাটসম্যান।