টেলরের ব্যাটে নিউজিল্যান্ড ২৫০
বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। আজ দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন সফরকারী নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। অধিনায়ক রস টেলরের ৭২ রানের অনবদ্য ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ২৫০ রান যোগ করেছে কিউইরা। ৫৫ রান এসেছে ওয়াটলিংয়ের ব্যাট থেকে। শ্রীলঙ্কার পক্ষে দুইটি উইকেট শিকার করেছেন লাথিস মালিঙ্গা।টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর। কিন্তু পাল্লেকেল্লে স্টেডিয়ামে আজ শুরুটা খুব একটা ভালোভাবে করতে পারেনি সফরকারীরা। সপ্তম ওভারে মাত্র ১৭ রানের মাথায় সাজঘরে ফিরেছেন কিউই ওপেনার টম লাথাম। তবে দ্বিতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা বেশ ভালোভাবেই সামলে নিয়েছিলেন আরেক ওপেনার রব নিকোল ও ওয়াটলিং। ২৭তম ওভারে এই জুটি ভেঙে লঙ্কান শিবিরে স্বস্তি ফেরান থিসারা পেরেরা। ৪৬ রান করে ফিরে যান ওয়াটলিং। কয়েক ওভার পরে ৫৫ রানের ইনিংস খেলে ফিরে যান রব নিকোলও। চতুর্থ উইকেটে ঝোড়ো ব্যাটিং করে নিউজিল্যান্ডকে ভালো অবস্থানে নিয়ে যান অধিনায়ক রস টেলর ও জেমস ফ্রাঙ্কলিন। মাত্র ১২ ওভারে এই জুটি থেকে আসে ৯১ রান। ৪৬তম ওভারে এই জুটি ভাঙ্গতে সক্ষম হন কুলাসেকারা। ৭২ রানের চমত্কার একটি অধিনায়কোচিত ইনিংস খেলে সাজঘরে ফেরেন রস টেলর। শেষপর্যায়ে ফ্রাঙ্কলিনের ৩৫ ও নাথান ম্যাককালামের ১৬ রানের ইনিংসটির সুবাদে ২৫০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।