টেলরের শতক, উইলিয়ামসনের টানা পঞ্চম অর্ধশতক

শুরুটা ধীরগতিতেই করেছিল নিউজিল্যান্ড। প্রথম ২০ ওভারে তাদের সংগ্রহ ছিল ৮৩ রান। কিন্তু দারুণ ফর্মে থাকা কেন উইলিয়ামসন ও রস টেলরের ঝোড়ো ব্যাটিংয়ে আবারও ভারতকে বড় লক্ষ্য বেঁধে দিয়েছে কিউইরা। ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর অন্তত একটা জয় নিয়ে মান বাঁচাতে হলে ৩০৪ রানের বাধা পেরোতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের।
গত ম্যাচে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলার পর আজও শতক পূর্ণ করেছেন টেলর। মোহাম্মদ সামির শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরার আগে ১০৬ বলে ১০২ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। আর টানা পাঁচ ম্যাচে অর্ধশতক পূর্ণ করার বিরল কৃতিত্ব অর্জন করেছেন উইলিয়ামসন। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সব কয়টি ম্যাচেই অর্ধশতক করার রেকর্ড আছে আর মাত্র একজনের। ২০০৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই প্রথমবারের মতো এই কীর্তিটি করেছিলেন পাকিস্তানের ইয়াসির হামিদ।
টসে হেরে ব্যাট করতে নেমে আজ অবশ্য শুরুটা ভালোভাবে করতে পারেনি নিউজিল্যান্ড। প্রথম ১৩ ওভারের মধ্যে মাত্র ৪১ রান জমা করতেই দুই ওপেনার জেসি রাইডার ও মার্টিন গাপটিলের উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। কিন্তু তৃতীয় উইকেটে ১৫২ রানের লড়াকু জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান টেলর ও উইলিয়ামসন। গড়ে দেন বড় সংগ্রহের ভিত্তি। ৩৮তম ওভারে এই জুটি ভেঙে ভারতীয় শিবিরে স্বস্তি ফিরিয়েছেন বরুণ অরুণ। ৮৮ রান করে আউট হয়েছেন উইলিয়ামসন। ততক্ষণে কিউই স্কোরবোর্ডে জমা হয়ে গিয়েছিল ১৯৩ রান। আর টেলরও প্রায় শেষ পর্যন্ত ভালোই ভুগিয়েছেন ভারতীয় বোলারদের। শেষপর্যায়ে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ২৩ ও জেমস নিশামের ১৯ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ৩০৩ রান জমা করে নিউজিল্যান্ড।
ভারতের সবচেয়ে সফল বোলার অরুণ। ১০ ওভার বল করে ৬০ রানের বিনিময়ে দুটি উইকেট পেয়েছেন এই ডানহাতি পেসার। একটি করে উইকেট গেছে সামি, ভুবনেশ্বর কুমার ও বিরাট কোহলির ঝুলিতে।