টেলরের সঙ্গে আছেন রনকিও!
আরেকবার আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে পাড়ি দিয়েছিলেন তাসমান সাগর। সেই স্বপ্নপূরণের খুব কাছাকাছি চলে এসেছেন লুক রনকি। সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের নিউজিল্যান্ড দলে। দুটি প্রস্তুতি টি-টোয়েন্টির এই দলে জায়গা করে নিয়ে জাতীয় দলের ফেরার প্রক্রিয়া শুরু করছেন রস টেলরও। নেতৃত্ব হারানোর পর স্বেচ্ছানির্বাসনে গিয়েছিলেন টেলর। আগামী ৪ ও ৬ ফেব্রুয়ারি ওয়াঙ্গারেইতে হবে প্রস্তুতি ম্যাচ দুটি। তিনটি করে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে ইংল্যান্ড।৩১ বছর বয়সী রনকির জন্ম নিউজিল্যান্ডেই, ওয়েলিংটন ও নেপিয়ারের মাঝামাঝি ছোট্ট শহর ডেনভার্কে। মা-বাবার সঙ্গে পার্থে পাড়ি জমান সাত বছর বয়সে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট শুরু। অ্যাডাম গিলক্রিস্টের অবসর আর ব্র্যাড হাডিনের চোটের সুযোগে ওয়ানডে অভিষেক ২০০৮ সালে। তিনটি টি-টোয়েন্টি ও চারটি ওয়ানডে খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ২৮ বলে ৬৪। কিন্তু হাডিন-পেইনদের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেননি। পরে তো ওয়েড-নেভি-হার্টলিদের উত্থানে বুঝে ফেলেন অস্ট্রেলিয়ার হয়ে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে না। এ মৌসুমেই তাই ফিরে যান জন্মভূমিতে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০০৯ সালের ১৩ জানুয়ারি, এই তারিখটিতেই তাই পূরণ হয়ে গেছে নিউজিল্যান্ডের হয়ে খেলার শর্ত। প্লাঙ্কেট শিল্ডে ৫ ম্যাচে তিন সেঞ্চুরি করে এবার সুযোগ পেলেন প্রস্তুতি ম্যাচের দলে। সুযোগ পেয়েছেন সাবেক কিউই ব্যাটসম্যান কেন রাদারফোর্ডের ছেলে হামিশ রাদারফোর্ডও। ওয়েবসাইট।